নিউজ পোল ব্যুরো: গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা, আজ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রাষ্ট্রপতিকে তাঁরা নিজেদের স্বাক্ষরিত জার্সি উপহার দেন। তা গ্রহণ করে দৃশ্যত আপ্লুত রাষ্ট্র পতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার দলকে। অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁর হাতে এই উপহার তুলে দেন। বাংলার গর্ব রিচা ঘোষ-সহ উজ্জ্বল একঝাঁক তরুণ তারকা ক্রিকেটারের আগমনে ঝলমলিয়ে ওঠে রাষ্ট্রপতি ভবন। ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁরা ইতিহাস রচনা করেছেন বলে রাষ্ট্রপতি তাঁদের অভিনন্দিত করেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। দ্রৌপদী মুর্মুও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা এখন রোল মডেল। তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েরা অনুপ্রাণিত হবে। ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছে। দেশের প্রত্যেক কোণে এবং বিদেশে যেখানেই ভারতীয়রা আছেন, প্রত্যেকে এই জয় উদযাপন করছেন।”
আরও পড়ুন:Travel Tips: ক্যানভাস যেন সাদা স্বপ্ন, বরফের পথে ট্রেকিংয়ের টপ ডেস্টিনেশন
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এই মেয়েদের একটাই দল, তা হল ভারত।দেশের মাটিতে তাঁদের এই ঐতিহাসিক জয় সারা দেশের মুখ উজ্জ্বল করেছে। চার্টার্ড বিমানে দিল্লিতে পৌঁছেছিল ভারতীয় দল। দিল্লির তাজ প্যালেসে ছিলেন তাঁরা। দিল্লির তাজ প্যালেস হোটেলে রয়েছে ভারতীয় দল। পুষ্পবৃষ্টি, ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় গোটা দলকে।

গতকাল যখন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তখন তিনি স্মৃতি-হরমনদের জানিয়েছিলেন, ‘একদিন তোমরা স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করো। ওরা প্রশ্ন করবে, কথা বলবে। তোমাদের একটাই উত্তর ওদের সারাজীবনের স্মৃতি। সব স্কুলে যেতে হবে না, যেগুলোয় তোমরা পড়েছো, সেখানেই যাও। বছরে তিনটে স্কুল বেছে নাও—তিনদিন সময় দাও। এতে শুধু ওরা নয়, তোমরাও অনুপ্রাণিত হবে।’

পাশাপাশি প্রধানমন্ত্রী জুড়ে দেন, ‘দেশের মেয়েরা তোমাদের দিকে তাকিয়ে। তাই দায়িত্ব আরও বড়। স্থূলতা (Obesity) এখন বড় সমস্যা হয়ে উঠছে। তেলের ব্যবহার অন্তত ১০ শতাংশ কমাও। তোমরা বললে মানুষ সেটা শুনবে—বিশেষ করে দেশের মেয়েরা।’ দলের পক্ষ থেকে মোদীকে ধন্যবাদ জানান সহ–অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি বলেন, ‘আপনার কথা আমাদের অনুপ্রেরণা দেবে। সুযোগ পেলে আমরা অবশ্যই এই বার্তা ছড়িয়ে দেব।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, গত রবিবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্যে সারা দেশ মুগ্ধ।
