Kerala: কেরলে প্রথমবারের মতো কুম্ভমেলা, যোগীর মহাকুম্ভ থেকে অনুপ্রেরণা নিয়ে বাম সরকারের ঐতিহাসিক উদ্যোগ

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের ধর্মীয় ঐতিহ্যের ক্ষেত্রে এবার ইতিহাস রচনার পথে কেরল (Kerala)। উত্তর ভারতের প্রাচীন কুম্ভমেলার আদলে এবার দক্ষিণের বামশাসিত রাজ্য কেরলে (Kerala) আয়োজিত হতে চলেছে প্রথম কুম্ভমেলা (Kumbh Mela)। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার আগামী বছর শুরুর দিকেই এই বৃহৎ ধর্মীয় উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে। জানা গেছে, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মালপ্পুরম জেলার তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরে, পবিত্র ভরতপুঝা নদীর তীরে অনুষ্ঠিত হবে এই কুম্ভমেলা।

আরও পড়ুন: Abhishek Banerjee : ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে যুব তৃণমূলের বিশ্বরেকর্ডের পথে নজির

দক্ষিণ ভারতে মন্দির ও ধর্মীয় সমাবেশের ঐতিহ্য বহু পুরোনো হলেও, কুম্ভমেলার মতো বিশাল ধর্মীয় আয়োজন এই প্রথম। এই স্থানেই বহু বছর ধরে ঐতিহ্যবাহী মামানাকাম উৎসব পালিত হয়ে আসছে যা প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয়। এবার সেই উৎসবই নতুন রূপে, কুম্ভমেলার আবহে সাজিয়ে তুলতে চলেছে কেরল (Kerala) সরকার। যেমন উত্তর ভারতের কুম্ভে পুণ্যস্নান ও ধর্মীয় আচার পালিত হয়, তেমনি সব রীতিনীতি এখানে অনুসৃত হবে।

উৎসবের সার্বিক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের অন্যতম বৃহৎ আখড়া জুনা আখড়াকে। এই সংগঠনের প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী জানিয়েছেন, “কেরলের সমাজ ও ধর্মীয় ঐতিহ্য বরাবরই শক্তিশালী। কুম্ভমেলার মাধ্যমে সেই ঐতিহ্যকেই আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই।” উল্লেখযোগ্যভাবে, স্বামী আনন্দবনম ভারতী একসময় ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে যুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনিই কেরলের বাম সরকারকে এই উদ্যোগের পরামর্শ দেন।

সাম্প্রতিক সময়ে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কেরল সরকারের আগ্রহ বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগে সবরীমালা মন্দিরকে কেন্দ্র করে ‘আয়াপ্পান মহাসম্মেলন’-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। এবার কুম্ভমেলার আয়োজন করে কেরল প্রমাণ করতে চলেছে, ধর্মীয় ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতি দুই-ই সমানভাবে ধারণ করতে পারে একটি বামপন্থী সরকারও।

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বে উত্তরপ্রদেশে মহাকুম্ভের বিপুল সাফল্যই যেন এই উদ্যোগের অনুপ্রেরণা। এবার দক্ষিণ ভারতের এই ঐতিহাসিক মাটিতে কুম্ভমেলার পবিত্র স্নান, ধর্মীয় যজ্ঞ এবং ভক্তির আবেশে ভরে উঠবে ভরতপুঝার তীর। ভারতের ধর্মীয় ইতিহাসে এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা কেরলের প্রথম কুম্ভমেলা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole