নিউজ পোল ব্যুরো: পুণের (Pune) এমপি–এমএলএ আদালতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চলা মানহানির মামলায় মঙ্গলবার এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা মামলাকারীদেরই বিপাকে ফেলে দেয়। সাভারকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া এই মামলার শুনানিতে মূল প্রমাণ হিসেবে যে সিডি আদালতে জমা দেওয়া হয়েছিল, তা বাজাতে গিয়েই প্রকাশ্যে আসে সিডিটি আসলে সম্পূর্ণ ফাঁকা। কোন শব্দ, ছবি বা বক্তব্যই সেখানে নেই। স্বাভাবিকভাবেই মামলার পক্ষের আইনজীবী বিব্রত হয়ে পড়েন এবং আদালতকক্ষে একপ্রকার বিব্রত নীরবতা নেমে আসে।
এই মামলা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর-এর পৌত্র সত্যকি সাভারকর। তার দাবি, ২০২৩ সালের ৫ মার্চ লন্ডন সফরের সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) জেনেবুঝেই সাভারকরকে অপমানজনক মন্তব্যের নিশানা করেন। শুধু ওই সফরই নয়, বছরের পর বছর ধরে তিনি নাকি সাভারকর সম্পর্কে মিথ্যা ও অবমাননাকর তথ্য প্রচার করে চলেছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সত্য জেনেও মিথ্যা বক্তব্য দেওয়া এমনই অভিযোগ তুলেছেন সত্যকি। তার মতে, এই মন্তব্য শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের সম্মানহানি নয়, বরং তাদের পারিবারিক মর্যাদাকেও আঘাত করে।
বিচারক আগেই নির্দেশ দিয়েছিলেন, অভিযোগের ভিত্তি যে বক্তব্য, সেটিই আদালতে প্রমাণ হিসেবে পেশ করতে হবে। সেই নির্দেশ মেনে শুনানিতে সিডি নিয়ে আসেন মামলাকারীর আইনজীবী। কিন্তু সিডি চালাতেই দেখা যায়, কোনো তথ্যই সেখানে নেই। এই ঘটনায় বিচারকের সামনেই অস্বস্তিতে পড়ে যান অভিযোগকারীর আইনজীবী। তিনি জানান, এর আগে আদালতে সিডিটি বাজানো হয়েছিল এবং ইউটিউবেও ওই মন্তব্যের ভিডিও রয়েছে; তাই প্রয়োজনে অনলাইনে ভিডিওটি দেখে নেওয়া যেতে পারে।
কিন্তু রাহুল গান্ধীর (Rahul Gandhi) পক্ষের আইনজীবী মিলিন্দ দত্তাত্রেয় পাওয়ার তাতে সরাসরি আপত্তি জানান। তাঁর যুক্তি, ইন্টারনেটে থাকা কোনো কনটেন্টকে আদালত স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে না। বিচারকও তাঁর কথার সঙ্গেই একমত হন এবং জানান, কেবলমাত্র একটি URL ভিত্তি করে কোনো প্রমাণ গ্রহণযোগ্য নয়। প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত মামলাকারীর আইনজীবী সময় প্রার্থনা করেন। তিনি আদালতকে জানান, পরবর্তী শুনানিতে নতুন সিডি এনে সঠিক প্রমাণ জমা দেবেন। বিচারক তার আর্জি মঞ্জুর করে মামলার আলোচনা পিছিয়ে দেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
