ISL Situation : আইএসএল খেলতে মরিয়া ফুটবলাররা। একজোট হয়ে মাঠে নামলেন সুনীল-শুভাশিসরা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় ফুটবলে ঘোর অনিশ্চয়তার মেঘে অন্ধকার নেমে আসছে। আর এই বিপদে একজোট হয়েছে ফুটবলাররা (Footballers)। মরশুমের মাঝপথে দাঁড়িয়ে আজ প্রশ্ন একটাই— কবে শুরু হবে দেশের সেরা লিগ আইএসএল (ISL)? প্রশাসনিক জটিলতা, টেন্ডার বিভ্রাট আর সময়ের জেরে বিপাকে পড়েছেন দেশের ফুটবলাররা। মাঠের লড়াই নয়, এখন তাঁদের সবচেয়ে বড় যুদ্ধ খেলাটাকেই বাঁচিয়ে রাখার।

আরও পড়ুন:SIR Form পূরণের সময় ভুল? জানুন কিভাবে নিরাপদে ফর্ম সংশোধন করবেন

মঙ্গলবার হঠাৎ করেই ভারতীয় ফুটবলের পরিচিত মুখরা একসঙ্গে আওয়াজ তুলেছেন। দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা একযোগে জানিয়েছেন— প্রতিযোগিতামূলক ফুটবল এখনই ফেরানো দরকার। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর নিষ্ক্রিয়তা তাঁদের মানসিক ও পেশাগত অবস্থাকেও প্রভাবিত করছে। আইএসএল-কে ঘিরে এতদিনের প্রস্তুতি, অনুশীলন, দলগঠন— সব যেন ঝুলে আছে অনির্দিষ্ট সময়ের ফাঁদে।

ফুটবলাররা জানিয়েছেন, এ বার মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। মোহনবাগানের (Mohun Bagan) অধিনায়ক (Captain) বলেন, “আমাদের রাগ, হতাশা এখন বদলে গিয়েছে মরিয়া প্রচেষ্টায়। যে খেলাকে আমরা এত ভালবাসি তা খেলতে আমরা মরিয়া হয়ে উঠেছি। আমাদের দর্শক, পরিবার, সমর্থকরাই সব।” এই পরিস্থিতিতে আইএসএল শুরু করার আর্জি জানিয়েছেন তাঁরা। কল্যাণ চৌবের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্দেশে লেখা হয়েছে, “যারা আমাদের দেশের ফুটবল চালায়, এই আর্জি তাদের উদ্দেশে। যে ভাবেই হোক আবার আইএসএল শুরু করুন। ভারতে আবার প্রতিযোগিতামূলক ফুটবল হোক।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ফেডারেশনের তরফে ৭ নভেম্বর পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলেও, নির্দিষ্ট দিনে কোনো সংস্থা আগ্রহ দেখায়নি। ফলে টুর্নামেন্ট আদৌ অনুষ্ঠিত হবে কিনা, বা হলে কবে থেকে, তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে। ইতিমধ্যেই কিছু ক্লাব অনুশীলন বন্ধ রেখেছে, কিছু দল কার্যত ছুটি ঘোষণা করেছে। আর ফুটবলারদের মনে একটাই প্রশ্ন সামনে পথ কোন দিকে?

যেখানে গোটা দেশের সমর্থকরা অপেক্ষা করছেন প্রিয় ক্লাবগুলির খেলা দেখার, সেখানে ফুটবলারদের একটাই দাবি দেরি না করে মাঠে ফেরানো হোক ফুটবলকে। কারণ তাঁদের কাছে খেলাই এখন একমাত্র ভাষা, একমাত্র উত্তর। প্রশাসনিক দড়ি টানাটানির মধ্যে না পড়ে, খেলার আত্মাটাই যেন বেঁচে থাকে— এই বার্তাই ছড়িয়ে দিয়েছেন দেশের ফুটবলাররা। শেষে প্রশ্নটা থেকেই যায়— ভারতীয় ফুটবলের এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে কতটা দ্রুত পদক্ষেপ নেবে ফেডারেশন? মাঠে ফেরার অপেক্ষায় এখন গোটা ভারতীয় ফুটবল।