নিউজ পোল ব্যুরো: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এ বার তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি নতুন উদ্যোগ নিয়েছে। তৃতীয় সেমেস্টারের সমস্ত বিষয়ের অফিসিয়াল উত্তরপত্র প্রকাশ করেছে শিক্ষা সংসদ, যা এখন সংসদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা নিজেদের কাছে থাকা OMR Sheet–এর কার্বন কপির সঙ্গে এই উত্তরপত্র মিলিয়ে দেখে নম্বর যাচাই করতে পারবেন।
আরও পড়ুন:SIR Form পূরণের সময় ভুল? জানুন কিভাবে নিরাপদে ফর্ম সংশোধন করবেন
শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষায় মোট ৬৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, যার মধ্যে ১৬টি ছিল বৃত্তিমূলক বা Vocational Subjects। সেপ্টেম্বর মাস জুড়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত উত্তরপত্র–এর সাহায্যে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর সঠিক হয়েছে কি না তা খুব সহজেই যাচাই করতে পারবেন। এর ফলে তারা নম্বর নিয়ে কোনও সন্দেহ থাকলে সময়মতো আপত্তি জানানোর সুযোগ পাবেন। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার্থীদের কাছে থাকা ওএমআর (OMR Sheet) এর কার্বন কপি ও সংসদ প্রকাশিত উত্তরপত্র একসঙ্গে মিলিয়ে দেখতে হবে। তিনি আরও জানান, কোনও প্রশ্ন বা নম্বর নিয়ে যদি বিভ্রান্তি থাকে, তাহলে পরীক্ষার্থীরা আঞ্চলিক অফিসের ডেপুটি সেক্রেটারি বা কাউন্সিলের হেড অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভুল প্রমাণিত হলে নম্বর সংশোধন করা হবে। এই প্রক্রিয়া জাতীয় স্তরের পরীক্ষায় যেমন থাকে, ঠিক তেমনভাবেই এখানে Scrutiny বা নম্বর পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এ ছাড়াও তিনি জানান, “পরীক্ষার্থীরা যেটুকু নম্বর পেয়েছে, তা রেজাল্ট–এর সঙ্গে তুলনা করলে যদি কোনও অমিল লক্ষ্য হয়, তবে তা জানালে শিক্ষা সংসদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরিষ্কার ও স্বচ্ছ মূল্যায়নের স্বার্থে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ৩১ অক্টোবর তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। এই বছর প্রথমবার উচ্চ মাধ্যমিক স্তরে সম্পূর্ণ OMR-based Examination অনুষ্ঠিত হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ছিল কৌতূহল এবং উত্তেজনা। সংসদ জানিয়েছে, এ বছর উত্তীর্ণের হার ৯৩.৭২%, যা বিগত কয়েক বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ লক্ষ ৪৫ হাজার ৮৩২ জন পড়ুয়া। শিক্ষা সংসদের বিশ্বাস, এই উত্তরপত্র প্রকাশ ও অভিযোগ জানানোর সুযোগ পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ এবং নির্ভুল করে তুলবে।
