Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি খেলবেন রোহিত শর্মা তবে অনিশ্চিত বিরাট কোহলি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রে দুই তারকা—বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর বর্তমানে তাঁরা কেবল ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়। কিন্তু দীর্ঘ বিরতির পর তাঁদের ম্যাচ-ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচক মহলে। সেই কারণেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নয়া নির্দেশ দিয়েছে—জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।

আরও পড়ুন: Eden Pitch: ইডেনের পিচ নিয়ে চর্চা! কিউরেটরের সঙ্গে আলোচনায় গম্ভীর

চলতি মরশুমে দক্ষিণ আফ্রিকা সফরের আগে আসন্ন বিজয় হাজারে (Vijay Hazare) ট্রফিতে দু’জনের অংশগ্রহণ নিয়েই এখন ক্রিকেটমহলে জোর জল্পনা। জানা গিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি দলের হয়ে খেলতে আগ্রহী। এমনকি প্রয়োজনে সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও নামতে পারেন তিনি। অন্যদিকে, কোহলির অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

বিসিসিআইয়ের (BCCI) কাছে বিষয়টি স্পষ্ট—জাতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ অপরিহার্য। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ব্যবধানে খেলোয়াড়দের ছন্দ ও ফিটনেস ধরে রাখতে এই অভ্যাসই সবচেয়ে কার্যকর। প্রধান নির্বাচক অজিত আগারকারও এর আগে একই কথা বলেছিলেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,”আমরা স্পষ্ট করে দিয়েছি যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বিবেচিত হতে হলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক।”

অতীতে এমনই নির্দেশ মান্য করে রোহিত (Rohit) ও কোহলি (Kohli) দু’জনেই রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) একাধিক ম্যাচে অংশ নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে রঞ্জি ট্রফির একটি ম্যাচে অংশ নিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো প্রত্যাবর্তন করেন রোহিত-কোহলি জুটি। সম্প্রতি সমাপ্ত ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে রোহিত ৮, ৭৩ এবং ১২১ রান করেন, যেখানে কোহলি ০, ০ এবং ৭৪ রান করেন। এখন, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে তাকিয়ে নির্বাচকেরা আবার তাঁদেরকে পুরোনো ছন্দেই দেখতে চাইছেন। তাই তাঁদের ফিটনেসকে গুরুত্ব সহকারে দেখছে বিসিসিআই৷

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

গত বছর টি-টোয়েন্টি (T-20) এবং ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এই জুটি বর্তমানে শুধুমাত্র ওয়ানডেতে সক্রিয়। টেস্ট ও টি-২০ থেকে তারা অবসর ঘোষণা করেছেন । অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষে সিরিজে তাদের শেষ দেখা গিয়েছিল। ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলের অভিজ্ঞ এই দুই স্তম্ভ আবারও ঘরোয়া মঞ্চে নেমে নিজেদের ফর্ম প্রমাণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি—সেই মঞ্চেই হয়তো মিলবে উত্তর।