নিউজ পোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে ফের জমছে কৌশলের খেল। বিহার ভোটপর্ব শেষ হতে না হতেই এবার বাংলাকে পাখির চোখ করছে বিজেপি (BJP)। রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংগঠনিক অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন গেরুয়া শিবির। শীর্ষ নেতৃত্বের সঙ্গে তলানির কর্মীদের বিচ্ছিন্নতা এবং অবিশ্বাসের আবহে দলের ভেতর থেকেই ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার মাটিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে আর সেই প্রস্তুতির কেন্দ্রেই মঙ্গলবার রাতে দিল্লিতে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গোপন বৈঠক।
আরও পড়ুন: Partha Chatterjee: পার্থকে ‘ঢাল’ নাকি ‘অস্ত্র’? নরম সুরে পার্থকে কেন্দ্র করে রাজনৈতিক নতুন লড়াই
সূত্রের খবর, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল আগামী লোকসভা নির্বাচন ও বাংলার রাজ্য নির্বাচন কমিশনকে (Election Commission) নিয়ে বিজেপির পরিকল্পনা। শুভেন্দু (Suvendu Adhikari) নাকি শাহকে স্পষ্ট বার্তা দিয়েছেন, “যদি এবার ক্ষমতায় না আসা যায়, তবে বাংলায় দলের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।” তাই বিহার ভোট শেষে কেন্দ্রীয় নেতৃত্ব যেন বাংলার দিকে আরও আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে এই আবেদনও জানান তিনি (Suvendu Adhikari)। এমনকি, রাজ্য কমিশনের ওপর চাপ বাড়াতে জাতীয় নির্বাচন কমিশনকেও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জোর দেন শুভেন্দু।
আলোচনায় উঠে আসে বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit ganguly) প্রসঙ্গও। সূত্রের দাবি, দলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রশমনে তার ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে, এই বৈঠক নিয়েই সরব তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, “বাংলায় পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এখন দিল্লির মদতে চক্রান্ত করছে। অমিত শাহ (Amit Shah) নিজের দিল্লিই সামলাতে পারছেন না, বাংলা সামলাবেন কীভাবে!” তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণেই দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।
একইসঙ্গে, তৃণমূলের সংগঠনভিত্তিক কৌশল অনুকরণে বিজেপি এবার কয়েকটি বেসরকারি সংস্থাকে মাঠে নামাতে চাইছে বলেও জানা গিয়েছে। মঙ্গলবার ও বুধবার রাজ্য সভাপতির উপস্থিতিতে প্রায় ১৮টি সংস্থার সঙ্গে বৈঠক সারেন কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে, দলীয় অন্দরে জট কাটিয়ে চলতি মাসেই প্রকাশ হতে পারে বিজেপির নতুন রাজ্য কমিটি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
