নিউজ পোল ব্যুরো: সামনেই আইপিএল নিলাম। তার আগে দলের খোল নলচে বদলে ফেলছে কেকেআর ম্যানেজমেন্ট। অভিষেককে নায়ারকে আগেই দলে নিয়েছে তারা। এবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহকারী কোচ হলেন শেন ওয়াটসন (Shane Watson)। বৃহস্পতিবার এর সরকারি ঘোষণা হয়ে গেছে।
আরও পড়ুন:BJP MLA on CAA: সিএএ আবেদনকারীদের ভোটাধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য, অন্দরে চাপানউতোর বিজেপিতে
তিনবারের চ্যাম্পিয়নদের মেন্টর হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো (Dwayne Bravo)। ওয়াটসন আসায় কলকাতার কোচিং প্যানেলকে আরও শক্তিশালী হয়ে গেল। আইপিএলের প্রথম বছর থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন খেলেছেন ওয়াটসন। এই লিগে ১৪৫টি ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি বল হাতেও কার্যকরী ছিলেন ওয়াটসন। আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে ওয়াটসনের। ২০২২ ও ২০২৩ মরসুমে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন। দুইবারই দিল্লির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন রিকি পন্টিং (Ricky Ponting)। তিন মরসুম পর আইপিএল কোচিংয়ে ফিরলেন ওয়াটসন। এবারও একই ভূমিকায়–সহকারী কোচ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
ওয়াটসনকে সহকারী কোচ করে নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) জানিয়েছেন, ‘কেকেআর (KKR) পরিবারে শেন ওয়াটসনকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি উচ্চমানের একজন খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা আমাদের দলের সংস্কৃতি ও প্রস্তুতির জন্য প্রয়োজন হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা বিশ্বমানের। কলকাতা মাঠে এবং মাঠের বাইরে ওয়াটসনের কাজ দেখার জন্য মুখিয়ে রয়েছি আমরা।’
কেকেআরে যোগ দিয়ে ওয়াটসন জানিয়েছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি সবসময় কেকেআর ভক্তদের আবেগ এবং দলের ওপর প্রতিশ্রুতির প্রশংসা করেছি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে কোচিং গ্রুপ এবং খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
প্রসঙ্গত, ওয়াটসনের পর বোলিং কোচ হিসেবে দলে যোগ দিতে পারেন টিম সাউদি। তাছাড়া শোনা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানের মত ক্রিকেটারদেরও ছেড়ে দেওয়া হতে পারে। ২০২৪- এ চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্তু ২০২৫ সেভাবে তারা পারফরম্যান্স করতে পারেনি। তাই মিনি নিলামেই নতুন করে ঘর ঘর গোছাচ্ছে তারা।
