Kolkata: স্কুলের মঞ্চে পাঁচ মিনিটের নাটকেই লিঙ্গসমতার বড় পাঠ, ছেলেদের অভিনয়ে সামনে এল মেয়েদের বাস্তব যন্ত্রণা

কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: অরুণ, সোনি আর আরও তিনজন মোট পাঁচ বন্ধু। সবার পরিচয় স্কুলের উঠোন থেকেই। কিন্তু সোনি এখন আর স্কুলে যেতে চায় না। বন্ধুরা জিজ্ঞেস করতেই সে ভেঙে পড়ে। চোখ মুছতে মুছতে জানায়, তাদের ক্লাসে সে একমাত্র মেয়ে হওয়ায় কয়েকজন ছেলে তাকে বারবার অপমানজনক কথা বলে, গায়ে হাত দেয়। এসব ঘটতেই থাকে যখন তার কাছের বন্ধুরা আশপাশে থাকে না। ফলে প্রতিদিনই স্কুলে যাওয়ার ভয় ঢুকে বসেছিল সোনির মনে।

আরও পড়ুন: Bihar poll result: ৫ লক্ষ রসগোল্লার চ্যালেঞ্জে ৫০০ কেজি লাড্ডু! ভোটের ফলের আগে মিষ্টিই এখন মূল অস্ত্র

বন্ধুরা সোনির এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ে। অরুণ আর বাকিরা ঠিক করে, আর চুপ করে থাকা নয়। পরদিন স্কুলে গিয়েই তারা ওই ছেলেদের সামনে দাঁড়ায়, সোনিকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। অবশ্য এ সবই এক নাটকের গল্প। চরিত্রে ‘সোনি’র ভূমিকায় যে অভিনয় করছে, সে আদতে যোধপুর পার্ক বয়েজ স্কুলের নবম শ্রেণির ছাত্র— অঙ্কিত হীরা। মেয়েদের উপর অত্যাচার নিয়ে এমন সংবেদনশীল চরিত্র পেয়ে প্রথমে অঙ্কিত কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু চারপাশের খবর, নিয়মিত সংবাদপত্রে যে সব নির্যাতনের ছবি সে দেখে, সেগুলোই তাকে সাহস জুগিয়েছিল।

অঙ্কিতের কথায়, ‘‘খবরের কাগজে প্রতিদিনই দেখি মেয়েদের উপর নির্যাতন, অসম্মানের ঘটনা। এটা আমাকে খুব কষ্ট দেয়। তাই চরিত্রে অভিনয় করতে গিয়েই বুঝেছি, একজন মেয়ের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়।’’ অঙ্কিত ভবিষ্যতে বিজ্ঞান বা বাণিজ্য নিয়ে পড়তে চায়। তার বন্ধুরা কেউ আইন, কেউ বিজ্ঞান নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে। তবে পড়াশোনার পাশাপাশি তারা সকলেই শিখছে— কোথাও নারীর উপর অত্যাচার দেখলে প্রতিবাদ করতেই হবে। এই স্কুলে লিঙ্গসমতা নিয়ে বিশেষ পাঠ নিয়মিত দেওয়া হয়। প্রধানশিক্ষক অমিত সেন মজুমদার জানান, ‘‘অনেকে মনে করে গোলাপি মেয়েদের রং, নীল ছেলেদের। আমরা সেই ভুল ধারণা ভাঙতে চাই। তাই একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাসরুমে গোলাপি রং করা হয়েছে।’’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এ ছাড়াও নিয়মিত লিঙ্গসমতা, child safety এবং respectful behaviour নিয়ে কর্মশালা হয়। প্রতি বছর NCERT-এর উদ্যোগে যে National Role Play Competition হয়, সেখানে পাঁচ জনের দল নিয়ে বিভিন্ন স্কুল অংশ নেয়। এই বছর যোধপুর পার্ক বয়েজ স্কুল লিঙ্গসাম্যের বার্তা নিয়ে পাঁচ মিনিটের অভিনয় করে জেলাস্তরে প্রথম হয়। তাদের প্রস্তুতিতে সাহায্য করেছেন শিক্ষক বিশ্বজিৎ নন্দী। তার কথায়, ‘‘মেয়েরা আজ কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই। তাই ছোটবেলা থেকেই সঠিক-ভুলের শিক্ষা হলে সমাজও বদলাবে।’’