নিউজ পোল ব্যুরো: বিহারের বিধানসভা নির্বাচন ঘিরে শুক্রবার যেন উৎসবের রং লেগেছে গোটা রাজ্যে। ২৪৩ আসনের ভাগ্যনির্ধারণ সামনে রেখেই শাসক এবং বিরোধী—দু’পক্ষেই চলছে দুর্দান্ত সাজো সাজো রব। প্রাথমিক ট্রেন্ডে এনডিএ এগিয়ে থাকায় তাদের শিবিরে আনন্দ যেন বাঁধ মানছে না। একদিকে নরেন্দ্র মোদির বিশাল ছবির সামনে কড়াইভর্তি লাড্ডু তৈরি হচ্ছে, অন্যদিকে পাটনায় বিজেপি কার্যালয়ে সকাল থেকেই বিলি হচ্ছে জিলিপি আর ছাতুর পরোটা।
আরও পড়ুন:Pawan Ruia: ৩১৭ কোটি টাকার সাইবার প্রতারণা! পবন রুইয়া ও সহযোগীদের জিজ্ঞাসাবাদ
এনডিএ-র রাজ্য সদস্য কৃষ্ণ সিং কাল্লু জানিয়েছেন, তিনি একাই ৫০০ কেজি লাড্ডু বানানোর অর্ডার দিয়েছেন। বিশাল কড়াইয়ে যখন গরম লাড্ডুর গোলা পাকাচ্ছেন কারিগররা, তখন সামনে ঝলমল করছে মোদি ও নীতীশ কুমারের ছবি। পাটনা জুড়ে যেন নির্বাচনের উত্তেজনাকে ঢেকে দিয়েছে উৎসবের উল্লাস। এদিকে, জেলবন্দি জেডিইউ নেতা অনন্ত সিংয়ের পরিবারও পিছিয়ে নেই আয়োজনের দিক থেকে। তাদের বাড়িতে ৫০ হাজার নিমন্ত্রিতকে খাওয়ানোর প্রস্তুতি চলছে জোর কদমে। বিরিয়ানি থেকে শুরু করে লিট্টি-চোখা—বড় মাপের ভোজের সব ব্যবস্থাই তৈরি।
তবে শুধু শাসক শিবিরই নয়, ভোটগণনার প্রাথমিক ধাক্কা সত্ত্বেও মহাগঠবন্ধনের ঘরেও উৎসবের রেলগাড়ি থেমে নেই। আরজেডি শিবিরের আত্মবিশ্বাস এখনও টনটনে। বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব স্পষ্ট ঘোষণা করেছেন—”বিহার পরিবর্তনের পথে, জয় আমাদেরই হবে।” সেই বিশ্বাসে মোকামার বাসভবনে আরজেডি নেতার পরিবার তৈরি করছেন এক বিস্ময়কর আয়োজন—৫ লক্ষ রসগোল্লা। লিট্টি-চোখার সঙ্গে সেই রসগোল্লা বিলি শুরু হয়ে গেছে সকাল থেকেই। এই নির্বাচন দুই দফায় রেকর্ড ভোটদান দেখেছে। অধিকাংশ সমীক্ষা যেখানে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএকেই ফের ক্ষমতায় ফেরানোর সম্ভাবনা দেখিয়েছে, সেখানে কয়েকটি সমীক্ষা মহাগটবন্ধনের জয়েরও ইঙ্গিত দিয়েছে। ফলে দুই শিবিরেই উত্তেজনার পারদ এখন চরমে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শেষ পর্যন্ত বিহারের আসন কার হাতে যায়—তা ঠিক করবে ভোটের ফল। কিন্তু ফল ঘোষণার ঘণ্টাখানেক আগেই উৎসবের উচ্ছ্বাসে ভাসছে দুই পক্ষই। লাড্ডু, জিলিপি, রসগোল্লা আর লিট্টি-চোখার মিষ্টি গন্ধে ভরে ওঠা বিহার এখন অপেক্ষায় জয়ের আসল স্বাদ কে পাবে?
