Bihar Election: বিহার জয়ের পর ‘টার্গেট বাংলা’? গিরিরাজের হুঙ্কারে তৃণমূলের কৌশলী পাল্টা রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন দফা লড়াই

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিহারের ভোট পর্বে (Bihar Election) এনডিএ-র (NDA) স্পষ্ট প্রাধান্য ফুটে ওঠার পরই রাজনৈতিক অঙ্গনে নতুন তাপমাত্রা। এবার দিল্লি (Delhi) থেকে সরাসরি বাংলার দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। এনডিএ-র উদযাপনের আবহেই তার মন্তব্য, “বিহারের পর এবার বাংলার পালা।” স্পষ্ট ইঙ্গিত বিজেপি (BJP) ২০২৬-কে সামনে রেখে বাংলা দখলের প্রস্তুতিতে নেমে পড়েছে।

আরও পড়ুন: Bihar poll result: ৫ লক্ষ রসগোল্লার চ্যালেঞ্জে ৫০০ কেজি লাড্ডু! ভোটের ফলের আগে মিষ্টিই এখন মূল অস্ত্র

কিন্তু মুহূর্তেই এই দাবি উড়িয়ে তৃণমূল আরও আক্রমণাত্মক ভঙ্গিতে পাল্টা বার্তা ছুড়ে দেয়। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট ভাষায় জানান, বিহারের রাজনৈতিক (Bihar Election) অঙ্ক কোনও ভাবেই বাংলার জমিতে প্রয়োগযোগ্য নয়। তার বক্তব্য, “বিহারের ফলাফল বিহারের। বাংলার রাজনীতি বাংলার বাস্তবতা অনুযায়ী চলে।” প্রাথমিক গণনা শুরু হতেই এনডিএ-র ঝড়ে ভেসে যায় মহাগঠবন্ধনের জোট তেজস্বী যাদব (Tejaswi Yadav) পিছিয়ে পড়েন, আর দিল্লিতে দেখা যায় গেরুয়ার উচ্ছ্বাস। এমন পরিস্থিতিতেই গিরিরাজ সিং দাবি তোলেন, বাংলাও নাকি ‘পরবর্তী লক্ষ্য’। আর এখানেই শুরু তৃণমূলের রাজনৈতিক পাল্টা আক্রমণ।

কুণাল ঘোষের পোস্ট আরও স্পষ্ট করে দেয় দলের আত্মবিশ্বাস। তিনি জানান, বাংলার নির্বাচনী মেজাজ গড়ে ওঠে উন্নয়ন, সম্প্রীতি, আত্মসম্মান এবং অধিকারকে কেন্দ্র করে। তাঁর দাবি, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৫০-র বেশি আসন নিয়ে তৃণমূলই ফের ক্ষমতায় ফিরবে।” পাশাপাশি কংগ্রেসের (Congress) রাজনৈতিক ব্যর্থতার প্রসঙ্গও তিনি সামনে আনেন। তবে কুণালের সমালোচনা শুধুই রাজনৈতিক প্রেক্ষিতেই সীমায়িত নয়। তিনি সরাসরি অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থা, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেই বিজেপি বাংলায় প্রভাব বিস্তারের চেষ্টা করবে। তার সতর্কতা, “এসআইআর (SIR)থেকে শুরু করে নানা আনুষঙ্গিক ক্ষেত্রে চক্রান্ত হবেই, আর সেই চক্রান্ত ভেস্তে দিতে প্রস্তুত তৃণমূল।”

কুণালের ভাষায়, শুধুমাত্র অন্য রাজ্যের ফলাফল দেখিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যায় না, “বাংলায় শীত গ্রীষ্ম বর্ষা ভরসা শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। তার উন্নয়ন মডেল বহু রাজ্যের অনুকরণীয় উদাহরণ।” বিহারের রাস্তায় যখন এনডিএ-র জয়োৎসবে গেরুয়া আবির ছড়াচ্ছে, তখনই বাংলার রাজনৈতিক আকাশে শুরু হয়েছে নতুন বিতর্ক বিহারের (Bihar Election) হাওয়া কি সত্যিই উড়ে আসবে গঙ্গার পাড়েও? নাকি বাংলার ভোটযুদ্ধ লড়াই করবে একেবারে আলাদা সমীকরণে এখন সেদিকেই তীক্ষ্ণ নজর রাজনৈতিক মহলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole