নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) সংবাদজগতে হঠাৎ যেন এক অদ্ভুত ট্রোলিং! পাঠকের মুখে কান থেকে কান পর্যন্ত হাসি, আর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে কটাক্ষের মেলা। কারণ? দেশের অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এমন এক কাণ্ড ঘটিয়েছে, যার প্রতিক্রিয়ায় নেটিজেনরা বলেই ফেলেছেন, “সংবাদপত্র যখন খবরে পরিণত হয়!”
ঘটনাটা শুনলে আপনিও হাসবেন। ডন একটি সাধারণ ব্যবসায়ী রিপোর্ট প্রকাশ করেছিল অক্টোবর মাসে গাড়ির বিক্রি বাড়ার বিষয়ে। সোজাসাপ্টা খবর। কিন্তু ওই খবরে ঢুকে পড়ে এক অচেনা অতিথি! একটি এআই প্রম্পট, অর্থাৎ সাংবাদিকদের জন্য তৈরি করা খসড়া নির্দেশনা! মনে হচ্ছে কোনও সম্পাদক আর্টিকেল ফাইনাল করার আগে নোটটি মুছতে ভুলে গেছেন। আর বস! সেটাই ছাপা হয়ে গেল জাতীয় দৈনিকে।
ছাপা হওয়া এআই বার্তাটি ছিল আরও অদ্ভুত—
“আপনি চাইলে আমি দ্রুত ‘ফার্স্ট পেজ স্টাইল’ সংস্করণ বানিয়ে দিতে পারি, যেখানে এক লাইনের পরিসংখ্যান ও ইনফোগ্রাফিক রেডি লেআউট থাকবে। বলুন, কি আমি এটা করব?”
সংবাদপত্রের মধ্যেই যখন এআই এমন ‘সার্ভিস অফার’ করে বসে, তখন সোশ্যাল মিডিয়া তো ফেটে পড়বেই! ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সবখানেই শুরু হলো কটাক্ষ, মিম বানানোর উৎসব। কেউ লিখলেন, “ডন নয়, আজ ডন-এআই!” আবার কেউ বলেন,“এবার সংবাদপত্রও বুঝল। এআই মুছে না ফেললে ক্যারিয়ার উড়ে যায়!” সংবাদকর্মীরা যেখানে এআই-কে বশ মানিয়ে কাজে লাগানোর চেষ্টা করছেন, সেখানে এআই-ই যদি তাদের খবর হয়ে যায়, তাতে দুনিয়া আরও মজা পাবে। এটাই যেন সোশ্যাল মিডিয়ার সারমর্ম। ঘটনা বড় আকার নেওয়ায় ডনকে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে। তারা বলেছে, এটি ‘টেকনিক্যাল ওভারসাইট’। কিন্তু নেটিজেনরা বলছে, “টেকনিক্যাল ভুল নয়, টেকনিক্যাল কমেডি!”
সম্পাদকদের এই ভুল এখন পাকিস্তানের সংবাদমহলে রীতিমতো কেস স্টাডি হয়ে দাঁড়িয়েছে। এআইকে ব্যবহার করবেন ঠিকই, তবে ছাপানোর আগে দেখে নিন, এআই আপনাকে ব্যবহার করে ফেলছে কিনা! সংবাদপত্রের সেই পাতা এখন ভাইরাল। হাজার হাজার মানুষ তা শেয়ার করছে। ঘটনাটি প্রমাণ করল, কখনও কখনও খবরের চেয়েও বেশি মজার হয় খবর তৈরির ভুলটাই। আর সত্যিই যখন এআই শিরোনাম বানায়, তখন সাংবাদিকের আর কিছুই করার থাকে না শুধু হাসতে হয়!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
