নিউজ পোল ব্যুরো: কটকের বালী যাত্রায় শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) অনুষ্ঠান ঘিরে দেখা দিল অভূতপূর্ব বিশৃঙ্খলা। গায়িকার উপস্থিতি ঘোষণার পর থেকেই দর্শকদের ঢল নামতে থাকে মাঠে। উপচে পড়া ভিড় এমন পর্যায়ে পৌঁছয় যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। নিয়ন্ত্রণ হারাতে থাকে আয়োজকরা, পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশবাহিনী।
আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি
শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) মঞ্চে ওঠার পরই উত্তেজনা তুঙ্গে পৌঁছয়। তার পরেই শুরু হয় ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, হুড়োহুড়ি। অতিরিক্ত ভিড়ের চাপে কয়েকজন শ্রোতা অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, দুই দর্শক জ্ঞান হারান, তাঁদের মধ্যে একজন মহিলা। ঘটনাস্থলেই উপস্থিত স্বাস্থ্যকর্মীরা দ্রুত তাঁদের প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় হাসপাতালে পাঠান। আরও এক শ্রোতার চোট পাওয়ার খবর মিলেছে। যদিও কটক পুলিশ দাবি করেছে, পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণের বাইরে যায়নি এবং মাত্র একজন সামান্য চোট পেয়েছেন, তিনি বর্তমানে সুস্থ আছেন। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে কিছুক্ষণ জন্য অনুষ্ঠান স্থগিত রাখা হয়, যাতে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে পারে। জনতার চাপে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা কিছুটা কমলেই ফের গান শুরু করেন শ্রেয়া, আর দর্শকরাও ফিরে পান বহুকাঙ্ক্ষিত মুহূর্ত। তবে এ ঘটনা ঘিরে এখনো পর্যন্ত শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
অনুষ্ঠানের আগে শ্রোতাদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তিনি লিখেছিলেন, “কটকের পথে আমি।” এক অনুরাগীর প্রশ্নে গায়িকা জানান, ওড়িশার খাবার সম্পর্কে তিনি বরাবরই উৎসুক এবং ছানা পোড়া তাঁর বিশেষ প্রিয়। সেই উচ্ছ্বাস নিয়েই মঞ্চে উঠেছিলেন তিনি, কিন্তু পরিস্থিতির অবনতি একসময় থামিয়ে দেয় তাঁর পারফরম্যান্স। ভিড় নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা ছিল কি না, সেই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের অভিযোগ, সঠিক ব্যারিকেড বা পর্যাপ্ত পুলিশবাহীনি ছিল না। অন্যদিকে আয়োজকরা বলছেন, ভিড় অনুমানের চেয়ে অনেক বেশি হয়, তাই সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এই ঘটনায় নতুন করে আলোচনায় এলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)–এর জনপ্রিয়তার অপ্রতিরোধ্য ধারা, যা কখনও কখনও সামলানোই হয়ে ওঠে কঠিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
