Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে চার্জশিটের পথে সিবিআই, লোকপালের নির্দেশে চাপ বাড়ল তৃণমূলে

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) কেন্দ্র করে আবারও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও চাপানউতোর বেড়েছে। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে চলমান তদন্তে এবার লোকপালের কড়াকড়ি সিদ্ধান্ত নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু। লোকপাল সরাসরি সিবিআইকে (CBI) চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছে এবং তার জন্য চার সপ্তাহের নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। রাজনৈতিক মহল থেকে বিচারালয় সব জায়গাতেই এই নির্দেশ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Purulia : হাই কোর্টের নির্দেশে কবর খুঁড়ে দেহ তোলা পুরুলিয়ায়, জমি-বিতর্কে উত্তেজনা চাকদা গ্রামে

লোকপালের পুরো বেঞ্চ গত ১২ নভেম্বর যে সিদ্ধান্ত নেয়, সেটি শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। জানা গিয়েছে, লোকপাল ও লোকায়ুক্ত আইন, ২০১৩-এর ২০(৭)(ক) ও ২৩(১) ধারার ক্ষমতা প্রয়োগ করেই সিবিআইকে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে লোকপাল স্পষ্ট করে জানিয়েছে, চার্জশিট জমা দিলেই যে আইনি প্রক্রিয়া তৎক্ষণাৎ শুরু হবে এমন নয় প্রথমে আদালতে নথি পেশ হবে, তারপর লোকপাল সিবিআইয়ের দ্বিতীয় আবেদনের ওপর সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে একটি প্রতিলিপি লোকপাল দফতরেও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই মামলার প্রতিটি নথি ও অগ্রগতি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ায় ক্ষুব্ধ মহুয়া (Mahua Moitra) ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা করেছিলেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই তদন্তের সঙ্গে যুক্ত সকল পক্ষকেই কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে এবং লোকপাল আইন অনুযায়ী চলতে হবে। যদিও এর আগেই অভিযোগের ভিত্তিতে গত লোকসভায় মহুয়ার (Mahua Moitra) সাংসদ পদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা, যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে গেছেন। সেই মামলা এখনও বিচারাধীন।

এর মধ্যে সিবিআই লোকপালের কাছে আনুষ্ঠানিকভাবে চার্জশিট জমা দেওয়ার অনুমতি চেয়েছিল, আর সেই আবেদনের প্রেক্ষিতেই নতুন নির্দেশ এসেছে। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তদন্তের গতি কি আরও দ্রুত হবে, নাকি আদালতের পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করবে মহুয়ার ভবিষ্যৎ?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole