SSC Recruitment: একাদশ–দ্বাদশ স্তরের ইন্টারভিউ তালিকা প্রকাশ, জানুন নথিযাচাই কবে থেকে হবে শুরু?

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: অবশেষে প্রকাশ্যে এল একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা (SSC Interview List)। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট প্রায় ২০ হাজার প্রার্থীকে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কমিশনের ওয়েবসাইটে (SSC Website) কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে তার আগেই চাকরিপ্রার্থীরা নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউয়ে ডাকার বিষয়টি জেনে নিতে পারবেন।

আরও পড়ুন:Vidyasagar Setu:রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে, চলবে মেরামত

স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। নির্দিষ্ট দিনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নথি, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। এরপর ধারাবাহিকভাবে ইন্টারভিউ (Interview Round) নেওয়া হবে প্রত্যেক যোগ্য প্রার্থীর। উল্লেখ্য, এর আগে ৭ নভেম্বর প্রকাশিত হয়েছিল একাদশ–দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার (Teacher Recruitment Exam) ফলাফল। শনিবার প্রকাশিত নতুন তালিকা থেকে প্রতিটি পরীক্ষার্থী পরিষ্কারভাবে বুঝতে পারবেন তিনি ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন কি না। নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় যে 12,514টি শূন্যপদের (Vacancy List) সম্ভাব্য তালিকা এসএসসি প্রকাশ করেছিল, পরে তা সংশোধন করে 12,445টি শূন্যপদ নিশ্চিত করা হয় স্কুল শিক্ষা দফতরের তরফে। অর্থাৎ মোট ৬৯টি পদ কমেছে সংশোধিত নোটিফিকেশনে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এসএসসি সূত্রের খবর অনুযায়ী, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। সেই হিসেবেই প্রায় ২০,০০০ আবেদনকারী এবার নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা (Written Exam) নেওয়া হয়। মোট ৩৫টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রতিটি বিষয়ের পূর্ণমান ছিল ৬০ নম্বর। এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ২,৪৬,৫৪৩ জন প্রার্থী, যার মধ্যে বিশেষভাবে সক্ষম ছিলেন ৩,১২০ জন। উপস্থিত ছিলেন মোট ২,২৯,৬০৬ জন পরীক্ষার্থী। তবে কমিশন স্পষ্ট করেছে যে, অনলাইনে কোনও নম্বর প্রকাশ করা হবে না। শুধুমাত্র ইন্টারভিউতে ডাকার তথ্যই দেখা যাবে ওয়েবসাইটে।