Humayun Kabir: ‘বাংলার জয়ের কৃতিত্ব একমাত্র মমতার’, বিহার ফলাফলের পর পিকে-কে নিশানা হুমায়ুনের

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিহারের (Bihar Election) ভোটের ফল বাংলার রাজনীতিতেও নতুন প্রশ্ন তুলছে। বিশেষত মুসলিম ভোটব্যাঙ্কে মতান্তর ও ক্ষোভের তরঙ্গ যে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, তা নিয়ে দলীয় অন্দরে সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (TMC) হুমায়ুন কবীর (Humayun Kabir)। তার দাবি বিহারে মুসলিম সম্প্রদায়ের বদলে যাওয়া ভোটাভ্যাস শাসকদলের কাছে একটি গুরুতর সতর্কবার্তা এবং পশ্চিমবঙ্গেও যদি অবহেলার একই ধারা বজায় থাকে, তবে তার প্রতিক্রিয়া পড়তে পারে ভবিষ্যতের নির্বাচনী সমীকরণে।

আরও পড়ুন: Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে চার্জশিটের পথে সিবিআই, লোকপালের নির্দেশে চাপ বাড়ল তৃণমূলে

হুমায়ুন (Humayun Kabir) বলেন, “একটা গোটা সম্প্রদায় যখন অনুভব করে তাদের কথা শোনা হচ্ছে না, তখন তারা অন্য বিকল্প খোঁজে এটাই বিহারের ফলাফলে দেখা গেল। সেই অভিজ্ঞতাকে হালকা ভাবে নিলে ভুল করবে তৃণমূল।” তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মিম বা অনুরূপ কোনও শক্তি বাংলায় তেমন প্রভাব ফেলতে পারবে না; বাংলার মুসলিম ভোটারদের রাজনৈতিক চিন্তাধারা অন্যরকম, এবং তা সহজে বদলায় না।

বিহারের ফলপ্রকাশের পর প্রশান্ত কিশোর ও তার সংগঠন আই-প্যাককে কটাক্ষ করতেও ছাড়েননি হুমায়ুন (Humayun Kabir)। তার বক্তব্য যে রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে পিকে নিজেকে ভোটকুশলী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তব পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে। হুমায়ুনের কথায়, “প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজের দল খাড়াক করে বিহারে লড়লেন, আর মানুষ সেই রাজনীতিকে একেবারেই গ্রহণ করল না। মাঠের বাস্তবতা বুঝতে না পারলে টেবিলের আইকিউ দিয়ে রাজনীতি চলে না।”

এই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, পশ্চিমবঙ্গের ভোটে পিকে বা আই-প্যাক কোনওদিনই প্রকৃত নির্ণায়ক শক্তি ছিল না। বরং বাংলার লড়াই ছিল সম্পূর্ণ রাজ্যের মাটির রাজনীতি ও নেতৃত্বের গ্রহণযোগ্যতার ওপর। আর সেই নেতৃত্বের প্রথম সারিতে একমাত্র মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুমায়ুনের দাবি, বাংলায় জয়ের প্রতিটি কৃতিত্ব শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাইরে থেকে আসা কোনও কনসালট্যান্ট বা সংস্থার নয়। তিনি বলেন, “বাংলার মাটিতে মানুষের কাছে যিনি গ্রহণযোগ্য তিনি মমতা। ভোটে জয়ের নেপথ্যে তারই ভাবনা-দর্শন, তারই সংগ্রাম। পিকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলেও, বাস্তব কিন্তু অন্য কথা বলছে।” অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ হুমায়ুনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তার দাবি বাংলায় মুসলিম ভোটব্যাঙ্ক এখনো অটুট, এবং বিহারের পরিস্থিতির সঙ্গে বাংলার বাস্তবতা এক করে দেখা যাবে না। “এই রাজ্যের মুসলিম সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক বহু গভীর,” জানান তন্ময়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole