Rohini Acharya allegations:’নোংরা কিডনি বাবাকে দিয়েছ’—পরিবার ছাড়ার পর তেজস্বী ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রোহিণীর!

রাজনীতি

পরিবারে অশান্তির জেরে বাড়ি ছাড়লেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য (Rohini Acharya allegations)। কয়েক মাস আগেই তিনি নিজের কিডনি দান করে প্রাণ বাঁচিয়েছিলেন আরজেডি প্রধান লালুর। অথচ দলের ভোটপরাজয়ের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রবিবার সামাজিক মাধ্যমে রোহিণী দাবি করেন—তাঁকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এমনকি কিডনি দেওয়ার জন্যও তাঁকে কটাক্ষ সহ্য করতে হয়েছে।

রোহিণীর অভিযোগ, তাঁর ‘নোংরা কিডনি’ বাবাকে দিয়েছেন—এই মন্তব্য করা হয়েছে পরিবারের ভেতর থেকেই। পোস্টে তিনি লিখেছেন, “আমাকে গালিগালাজ করে বলা হয়েছে, আমি নোংরা। আমার নোংরা কিডনি বাবাকে দিয়েছি। কোটি কোটি টাকা নিয়েছি, টিকিট কিনেছি—এমন কথাও শুনতে হয়েছে।”

লালুকন্যার অভিযোগের তির মূলত ভাই তেজস্বী যাদব এবং তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় যাদব, রমীজ খানদের দিকে। রোহিণীর দাবি, দল কেন ভরাডুবি করল—এই প্রশ্ন তোলার পর থেকেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু হয়। মারধরের হুমকি থেকে শুরু করে জুতো তোলা—সবই ঘটেছে তাঁর সামনে। বাধ্য হয়েই তিনি পরিবার ত্যাগ করেন।

রোহিণী (Rohini Acharya allegations) আরও জানিয়েছেন,-“বাড়ি ছাড়ার সময় বাবা-মা, বোনেরা কাঁদছিলেন। কিন্তু আমাকে জোর করে বের করে দেওয়া হয়েছে।”যদিও কোনও পোস্টেই সরাসরি তেজস্বীর নাম উল্লেখ করেননি, শনিবার বাড়ি ছাড়ার পর সাংবাদিকদের সামনে তিনি তিনজনকে কাঠগড়ায় তোলেন—তেজস্বী, সঞ্জয় এবং রমীজকে।

নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বিবাহিত মেয়েদের উদ্দেশে রোহিণীর পরামর্শ,
“মা-বাবার দায়িত্ব মেয়েদের নেওয়া উচিত নয়। নিজের পরিবার, সন্তান, শ্বশুর-শাশুড়িই হওয়া উচিত মেয়ের প্রথম দায়িত্ব। ভাই যারা থাকে, তাদেরই বাবা-মায়ের যত্ন নেওয়া উচিত।”

তিনি আক্ষেপ করে আরও লেখেন, “বাবাকে বাঁচাতে কিডনি দিয়েছিলাম—নিজের পরিবার, নিজের সন্তানদের কথা ভাবিনি। এটাই নাকি আমার বড় অপরাধ। এমন ভুল কেউ কোরো না।”

বিহারে আরজেডি-র ভরাডুবি (২৪৩ আসনের মধ্যে মাত্র ২৫-এ নেমে আসা)–র পর থেকেই দল ও পরিবারের ভেতরে অস্বস্তি বাড়ছিল। রোহিণীর বিস্ফোরক পোস্টে তেজস্বী নীরব। দলের তরফেও কোনও প্রতিক্রিয়া নেই।

তবে বিজেপি ইতিমধ্যেই সুযোগ দেখে সরব। রোহিণীর ‘বিদ্রোহ’কে সামনে এনে আরজেডি ও লালু পরিবারকে ‘নারীবিদ্বেষী’ এবং ‘পুরুষতান্ত্রিক’ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।