Amit Shah Faridabad meeting:দিল্লি বিস্ফোরণের ছায়ায় নর্দার্ন জোনাল বৈঠক: ফরিদাবাদে সোমবার উত্তর রাজ্যগুলির সঙ্গে মুখোমুখি অমিত শাহ!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:দিল্লি বিস্ফোরণকাণ্ডে ফরিদাবাদ বারবার শিরোনামে উঠে আসার মধ্যেই সোমবার, সেখানেই বসতে চলেছে নর্দার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Faridabad meeting)। উত্তর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়েই সোমবার আলোচনা হবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/16/jiban-krishna-saha-job-selling-scam-suvendu-adhikari-allegations/

বৈঠকে উপস্থিত থাকবেন হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং চণ্ডীগড়ের প্রতিনিধিরা। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ব্যাঙ্কিং পরিষেবা, মহিলা ও শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের দ্রুত তদন্ত এবং ফাস্ট ট্র্যাক আদালত তৈরির মতো বিষয় নিয়ে আলোচনা হবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও প্রশাসনিক প্রভেদ বা মতভেদ থাকলে তা নিরসনের জন্য এই সভাকেই গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচনা করা হয়।

১৯৫৬ সালের ‘স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট’-এর ১৫ থেকে ২২ ধারায় প্রতিষ্ঠিত হয় পাঁচটি জোনাল কাউন্সিল। তার একটি নর্দার্ন জোনাল কাউন্সিল—যার চেয়ারপার্সন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah Faridabad meeting)। হরিয়ানার মুখ্যমন্ত্রী বর্তমানে কাউন্সিলের ভাইস-চেয়ারপার্সন, যদিও প্রতি বছর সদস্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা পর্যায়ক্রমে এই দায়িত্ব পালন করেন। প্রতিটি সদস্য রাজ্য থেকে দু’জন মন্ত্রীকে কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। পাশাপাশি রয়েছে মুখ্যসচিব পর্যায়ের স্থায়ী কমিটি, যেখানে বিভিন্ন প্রস্তাব প্রথমে গৃহীত হয়ে পরে পাঠানো হয় মূল কাউন্সিল বৈঠকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এ বছরের বৈঠক ফরিদাবাদে হওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গত ৮-১০ নভেম্বর ফরিদাবাদের দু’টি বাড়ি থেকে যথাক্রমে ৩৫৮ কেজি ও ২,৫৬৩ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত চিকিৎসকদের সঙ্গেও ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ থাকার অভিযোগ উঠেছে। বিস্ফোরণের ঠিক আগেই ফরিদাবাদ থেকেই একটি গাড়িও বাজেয়াপ্ত হয়েছিল, যা মূল অভিযুক্ত উমর-উন-নবির বলে সন্দেহ পুলিশের। এই প্রেক্ষাপটে অমিত শাহের সোমবারের বৈঠককে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।