নিউজ পোল ব্যুরো: পরিশ্রমের স্বীকৃতি পেলে আনন্দ দ্বিগুণ হয়, এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর রাজ্য সরকারের উদ্যোগে ছোটপর্দার শিল্পীদের সম্মানিত করা হয়। বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বর্ণাঢ্য মঞ্চে সম্মান পেলেন জনপ্রিয় টেলিভিশন শিল্পী ও নেপথ্যের কারিগররা।
অনুষ্ঠানে সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী নিজে। এদিন প্রেক্ষাগৃহে ছিল তারকাদের ভিড়, ঝলমলে শাড়ি ও মানানসই গয়নায় সেজেছিলেন কোয়েল মল্লিক, ইমন চক্রবর্তীরা। হাতে হাত ধরে হাজির ছিলেন তিয়াসা লেপচা ও সোহেল দত্ত। ক্যামেরার সামনে ধরা পড়েন সোনামণি সাহা ও প্রতীক সেনও। পুরস্কারের পাশাপাশি ছিল মনোরম সাংস্কৃতিক পরিবেশনাও। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় নিজের উত্তেজনার কথা জানান। পূজা বন্দ্যোপাধ্যায় ও তিয়াসার বিশেষ নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। চান্দ্রেয়ী ঘোষ এবং মল্লিকা মজুমদার জানান, সাজগোজ নিয়ে সকাল থেকেই তাঁদের প্রস্তুতি চলছিল। ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ITI Student:মেঘের জলেই মিলছে আলো! পরিবেশবান্ধব উদ্যোগে চমক আইটিআই পড়ুয়াদের
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “টেলিভিশনের মাধ্যমে মানবিকতা ও সামাজিক চেতনার প্রচার হওয়া প্রয়োজন।” নতুন ধরণের ধারাবাহিক তৈরির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি শিল্পীদের প্রশংসায় বলেন, বর্তমান প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে টেলিভিশনের বড় ভূমিকা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
জীবনকৃতি সম্মানে ভূষিত হন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অম্বরীশ ভট্টাচার্য ও জুন মালিয়া। মুখ্যমন্ত্রী আরও বলেন, “পুরস্কার প্রাপ্তি যোগ্যতার ভিত্তিতেই হবে, আর কেউ বঞ্চিত হলে তা ভবিষ্যতে পূরণ করা হবে।”মোট ৪১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। সেরা জুটির তালিকায় ছিল তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব প্রমুখ। সেরা খলনায়িকার সম্মান পান সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও কৌশাম্বী চক্রবর্তী। প্রিয় অভিনেত্রীর তকমা জেতেন দিতিপ্রিয়া রায়। অন্যান্য পুরস্কারপ্রাপকদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এই জমকালো সন্ধ্যা যেন বাংলার টেলিভিশন জগতের এক অনন্য উদযাপন হয়ে রইল।
