Sujit Bose: পুরনিয়োগে দুর্নীতির তদন্তে ফের তলব সুজিত বসুর পুত্রকে, বিনিয়োগ–সম্পত্তির নথি চাইল ইডি

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও গতি পেল। কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) আবারও সমন জারি করল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) ছেলে সমুদ্র বসুকে। চলতি সপ্তাহেই তাকে দপ্তরে হাজিরা দিয়ে একাধিক আর্থিক নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রের দাবি, তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসার আয়–ব্যয়, বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের এখনও স্পষ্ট উত্তর মেলেনি।

আরও পড়ুন: Assam: ‘ইসলামবিরোধী নয়’, ঘোষণা করলেন হিমন্ত বিশ্ব শর্মা, পাস হলো বহুবিবাহ বিরোধী বিল

গত সোমবার প্রায় বারো ঘণ্টা ধরে সমুদ্র বসুকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। তবে তার হোটেল, ধাবা, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার আর্থিক লেনদেন নিয়ে আরও বিশদ তথ্য প্রয়োজন বলে মনে করছে সংস্থা। কোন ব্যবসায় ঠিক কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, সেই অর্থ কোথা থেকে এসেছিল এসবের নথিপত্র এবার বাধ্যতামূলকভাবে জমা দিতে বলা হয়েছে বলে তদন্ত সংস্থা সূত্রে খবর।

এদিন মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) স্ত্রীও ইডি দপ্তরে উপস্থিত হন। আগের বার তাকে তলব করা হলেও ধর্মীয় অনুষ্ঠানের কারণে সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার সকালেই আইনজীবী ও কন্যাকে সঙ্গে নিয়ে দপ্তরে হাজির হন তিনি। যদিও ইডির আধিকারিকরা অন্য কাজে ব্যস্ত থাকায় সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সংস্থা জানিয়েছে, তাকে নতুন করে আবার সময় দেওয়া হবে। তার আইনজীবীর বক্তব্য, তদন্তে পরিবার সম্পূর্ণ সহযোগিতা করছে।

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ২০২৪ সালে প্রথম ইডি লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) দুটি বাড়িতে তল্লাশি চালায়। এরপর গত কয়েক মাসে তাঁর সল্টলেক অফিসসহ একাধিক স্থানে তল্লাশি হয়। সেই ধারাবাহিকতায় সুজিত বসুর মেয়ে, জামাই, স্ত্রী এবং পুত্রকে একের পর এক নোটিশ পাঠায় ইডি। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা মন্ত্রী কন্যাকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে। তার স্বামীকেও নথিসহ হাজিরা দিতে বলা হয়েছিল। সমুদ্র বসুকে আগেও একবার জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তকারীদের দাবি পুরনো জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তাই তাকে আবারও হাজিরা দিয়ে অতিরিক্ত নথি ও তথ্য জমা দিতে বলা হয়েছে। তদন্ত এগোচ্ছে বলেই মনে করছে ইডি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole