নিউজ পোল ব্যুরো: যা ঘটার ছিল সেটাই ঘটল। সুপার কাপ থেকে মোহনবাগান বিদায় নেওয়ার পরই কার্যত ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। আইএসএলের (ISL) টালমাটাল অবস্থার জন্য সিদ্ধান্তে শিলমোহর দেওয়া বাকি ছিল। এখন সুপ্রিম কোর্টের উদ্যোগে জট কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই তারা সরকারি ঘোষণা করে জানিয়ে দিল যে হেড কোচের পদ থেকে জোসে মোলিনাকে (Jose Molina) বহিষ্কৃত করেছে৷ তবে এই ঘোষণার সুখবর দিতেও বেশি সময় নেয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে স্প্যানিশ কোচ সের্জিও লোবেরাকে (Sergio Lobera)৷ বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই দুটি বড় ঘোষণা করল মোহনবাগান এসজি৷
আরও পড়ুন:Guwahati Test : দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানের বড় ব্যাবধানে হার ভারতের
গত মরশুমে আইএসএলে দ্বিমুকুট জেতানোর সঙ্গে চলতি মরশুমে আইএফএ শিল্ড জিতিয়েছেন মোলিনা। কিন্তু ডুরান্ড কাপ ও সুপার কাপে হতাশাজনক পারফর্মেন্সই মোলিনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছিল ম্যানেজমেন্ট৷ তার উপর, সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর যেভাবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন মোলিনা, তাতে বিদায় আসন্ন ছিলই৷ দলের ছুটির মধ্যেই এই বিষয়ে মোলিনার সঙ্গে একপ্রকার গোল্ডেন হ্যান্ডশেক সেরে নেয় সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট৷ প্রশ্ন ছিল, কে হবেন মোহনবাগানের (Mohun Bagan) নতুন হেড কোচ? একাধিক নাম ভাসলেও এবার সামনে এসেছিল স্প্যানিশ কোচ সের্জিও লোবেরার নাম।

ওড়িশা এফসির (Odisha FC) তরফ থেকে জানানো হয়, কোচের দায়িত্ব ছেড়েছেন লোবেরা৷ ফলে অঙ্কটা অনেকটাই দুইয়ে দুইয়ে চার হয়েছে। এবার তাতে শিলমোহর দিল মোহনবাগান। ৩০ নভেম্বর থেকেই তিনি জেমি, দিমি, কামিন্স, বিশাল, শুভাশিসদের নিয়ে অনুশীলন শুরু করে দেবেন। মোহনবাগানে যোগ দিয়ে লোবেরা জানিয়েছেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’
