Commonwealth Games in India: ২০ বছর পর ভারতের মাটিতে আবার ফিরছে কমনওয়েলথ গেমস

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) আসর বসবে ভারতে আহমেদাবাদে (Ahmedabad)। নাইজেরিয়ার আবুজাকে হারিয়ে কমনোয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত (India)। ২০১০ সালেও ভারতে হয়েছিল কমনওয়েলথ গেমস। সেবার আয়োজনের দায়িত্বে ছিল দিল্লি। আবার ২০ বছর সেই গেমসই ফিরছে ভারতে। এ বার হোস্ট সিটি হবে আহমেদাবাদ। উল্লেখ্য, ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের ১০০ বছর পূর্তি হবে।

আরও পড়ুন:Sergio Lobera is now Mohun Bagan Coach: বিদায় মোলিনা, মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা

২৭ আগস্ট মেগা এই প্রতিযোগিতা বিড করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করে ভারত। আর বুধবার গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে ৭৪টি কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের আবেদনে শীলমোহর দেন। গ্লাসগোয় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ক্রীড়া মন্ত্রকের যুগ্ম সচিব কুনাল কে, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা (PT Usha), অ্যাসোসিয়েশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রঘুরাম আইয়ার, গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংঘাভি। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসে প্রায় ১৭ টি ইভেন্টে খেলা হবে কমনওয়েলথ স্পোর্ট-এর তরফে জানানো হয়েছে।

কমনওয়েলথ স্পোর্টসের সভাপতি ডোনাল্ড রুকারে ভারতে কমনওয়েলথের আসর বসা নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “ভারতে খেলার সঙ্গে সংস্কৃতির গভীর যোগ রয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথের ১০০ বছর পূর্ণ হবে। আমরা আশাবাদী, ভারতের মাটিতে তাদের উন্নত ও বৈচিত্রমূলক সংস্কৃতির পরিচয় আমরা দেখতে পাব।” ১৯৩০ সালে কানাডায় প্রথম কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল, যার নাম ছিল ‘ব্রিটিশ এম্পায়ার গেমস’ (British Empire games)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, গত বছর আহমেদাবাদে কমনওয়েলথ ওয়েটলিফটিং (Weightlifting) চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। আগামী বছরও এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া প্যারা-আর্চারি বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। তাই ভারতে কমনওয়েলথ আয়োজনের বিষয়ে কর্তৃপক্ষ খুবই আত্মবিশ্বাসী।

পি টি ঊষা জানিয়েছেন, ‘কমনওয়েলথ স্পোর্ট যে আস্থা তাদের উপর দেখিয়েছেন তাতে তারা সম্মানিত। ২০৩০-এর গেমস শুধু কমনওয়েলথ আন্দোলনের ১০০ বছরই উদযাপন করবে না, আগামী দিনের ভিত গড়বে।’

 

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতের জন্য ২০৩৬ সালের অলিম্পিক্স (Olympics) আয়োজনের একটি বড় পরীক্ষা হতে পারে। কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় অলিম্পিক্স সংস্থা বিশ্ব অলিম্পিক্স কমিটির সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে এবং আমেদাবাদকেই অলিম্পিক্সের (Olympics) কেন্দ্র করতে চাওয়া হচ্ছে। কমনওয়েলথ গেমসে সফলভাবে পাশ করলে অলিম্পিক্স আয়োজনের লড়াইয়ে ভারত এক ধাপ এগিয়ে যাবে।