Hong Kong: হংকংয়ে তিন দশকে সর্বাধিক অগ্নিকাণ্ড! মৃত ৪৪, নিখোঁজ ৩০০

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: হংকংয়ে (Hong Kong) গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যা পুরো শহরকে শোক এবং আতঙ্কে স্তব্ধ করে দিয়েছে। বুধবার রাতের অগ্নিকাণ্ডে শহরের পো জেলা এবং আশেপাশের সাতটি বহুতল আবাসনে আগুন ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ ঘটনার ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ পৌঁছেছে। আর অন্তত ৩০০ জন বাসিন্দা এখনও নিখোঁজ, যার মধ্যে অনেকেই ভবনের ভেতরে আটকা থাকতে পারেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Prasanta Barman: স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিওকে আগাম জামিন, স্বস্তিতে প্রশান্ত বর্মন

স্থানীয় পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সূত্রপাত ৩২ তলা এক ভবনে চলমান সংস্কারের কাজ থেকে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত আশেপাশের বহুতলগুলোকে গ্রাস করে। মুহূর্তের মধ্যে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।

দমকল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন। প্রায় ১২৮টি দমকল ইঞ্জিন এবং ৫৭টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। এর মধ্যেও অগ্নিনির্বাপণে নিযুক্ত একজন দমকলকর্মী প্রাণ হারান। উদ্ধারকাজের সময় এখনও অনেক মানুষ ভবনের ভেতরে আটকে রয়েছে। ইতিমধ্যেই ন’শোরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় ‘৪ নম্বর অ্যালার্ম’ জারি করা হয়েছিল। পরিস্থিতির জটিলতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে সর্বোচ্চ ‘৫ নম্বর অ্যালার্ম’ ঘোষণা করা হয়। এই বিপদ সংকেত হংকংয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ধরণের। শহরের আধুনিকতার ছোঁয়া যুক্ত বহুতলগুলোতে এমন বিশাল অগ্নিকাণ্ড গত ৩০ বছরে আগে কখনো ঘটেনি। এই অগ্নিকাণ্ড হংকংয়ের (Hong Kong) নাগরিকদের জন্য গভীর শোক ও আতঙ্কের কারণ হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা রাতদিন মিলে নিখোঁজদের খোঁজ এবং আহতদের উদ্ধারকাজে ব্যস্ত। এ ঘটনার প্রভাব এবং নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন এখন শহরের প্রধান চ্যালেঞ্জ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole