নিউজ পোল ব্যুরো: মানবাধিকার—এক বিস্তৃত ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা বাঁচার অধিকার থেকে মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা গ্রহণের অধিকার—এসবই অন্তর্ভুক্ত করে। জন্মগত ও সহজাত এই অধিকারগুলি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ় এডুকেশন’ পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স।
এক বছর মেয়াদি এই সান্ধ্যকালীন কোর্সটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে পরিচালিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) স্বীকৃত। কোর্সটির কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুভজিৎ নস্কর জানিয়েছেন, আধুনিক পৃথিবীতে মানবাধিকার অত্যন্ত আলোচিত ও প্রয়োজনীয় বিষয়। শিক্ষার অধিকার, উপজাতীয় সম্প্রদায়ের দাবি, মানবসুরক্ষা, আন্তর্জাতিক মানবাধিকার সনদ—সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে পাঠ্যসূচিতে। কোর্সটিতে ভর্তি হতে পারবেন যে কোনও আগ্রহী প্রার্থী, তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। ৫০ জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে। শুভজিৎ জানান, বহু বছর ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এই কোর্স পড়ানো হচ্ছে, তবে কোভিড অতিমারির পর থেকে এর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাইকোর্টের অ্যাডভোকেট, এনজিও কর্মী, সরকারি আধিকারিক, পুলিশ অফিসার, স্কুল শিক্ষক, এমনকি কলেজ পড়ুয়ারাও সাম্প্রতিক বছরগুলিতে আবেদন করছেন।
সোম, বুধ এবং শুক্রবার—সপ্তাহে তিন দিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্লাস হবে। এই কোর্স করতে খরচ পড়বে ৮ হাজার টাকা এবং সঙ্গে ১৪৪০ টাকা জিএসটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তির শেষ তারিখ ছিল ২৮ নভেম্বর, তবে তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়েও ভর্তির বিষয়ে যোগাযোগ করতে পারবেন। মানবাধিকার বিষয়ে গভীরতর জ্ঞান অর্জন করতে ইচ্ছুকদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-এর এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন দিগন্তের সূচনা করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
