নিউজ পোল ব্যুরো: ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) অবশেষে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস (TMC)। দীর্ঘদিন ধরেই তার মন্তব্য ও রাজনৈতিক আচরণ নিয়ে দলের অন্দরে অসন্তোষ তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার সকালে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) কোনও সম্পর্ক রাখবে না।” দলের অবস্থান যে একেবারে কঠোর, তা তার বক্তব্যেই পরিস্কার হয়ে ওঠে।
আরও পড়ুন: Mamata Banerjee: উন্নয়নের পথে SIR বাধা? নবান্নের পালটা ২৩ আধিকারিকের ‘স্পেশাল মনিটরিং স্কোয়াড’
ফিরহাদের (Firhad Hakim) অভিযোগ, হুমায়ুন (Humayun Kabir) সচেতনভাবেই এমন মন্তব্য করেছেন যা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে পারে। বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ-সংক্রান্ত তাঁর মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে উত্তেজনা দেখা দেয়। ফিরহাদ দাবি করেন, এই ধরনের বক্তব্যের নেপথ্যে বিজেপির প্ররোচনা রয়েছে। তার কথায়, “এই মন্তব্যের মাধ্যমে বাবরি ধ্বংসের স্মৃতি উস্কে দেওয়া হল। ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটাতে বিজেপি তাঁকে ব্যবহার করছে।”
ফিরহাদ আরও প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি হয়ে সংহতি দিবসের মতো সংবেদনশীল তারিখকে কেন শিলান্যাসের জন্য বেছে নিতে হল? তার মতে, শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রে কাজ করার সুযোগ থাকতে পারে, কিন্তু হুমায়ুন ইচ্ছাকৃতভাবে ধর্মীয় আবেগকে জাগিয়ে তোলার লক্ষ্যেই এমন পদক্ষেপ করেছেন। তিনি দাবি করেন, মুর্শিদাবাদের আগের ওয়াকফ-সংক্রান্ত অশান্তি নতুন করে উসকে দেওয়ার চেষ্টা করছিলেন হুমায়ুন।
তৃণমূলের তরফে বহুবার সতর্ক করা সত্ত্বেও হুমায়ুন যে নিজের অবস্থানে অনড় ছিলেন, তা দলীয় নেতৃত্বের অসন্তোষ আরও বাড়িয়েছিল। অবশেষে দলের সিদ্ধান্ত জানার পর তাঁর প্রতিক্রিয়া আরও রাজনৈতিক চাপ বাড়াল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমি কারও বক্তব্যের জবাব দেব না। আগামীকালই ইস্তফা দেব।” পাশাপাশি তিনি ঘোষণা করেন যে আসন্ন ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন।
রাজনৈতিক মহলের মতে, হুমায়ুনের এই অবস্থান মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণকে নতুন করে বদলে দিতে পারে। তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, তা ইঙ্গিত দিচ্ছে যে দল তার সঙ্গে আর কোনওরকম আপসের সুযোগ রাখছে না। অন্যদিকে হুমায়ুনের নতুন দল গঠনের ঘোষণা জেলার রাজনীতিতে নতুন টানাপড়েন তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
