নিউজ পোল ব্যুরো: ভারতীয় কূটনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য সৃষ্টি করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), যার বিশেষ বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম এয়ারপোর্টে অবতরণ করতেই দেশজুড়ে চর্চা শুরু হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ব্যক্তিগতভাবে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারত-আমেরিকা ও ভারত-ইউরোপ সম্পর্ক যখন নতুন সমীকরণ তৈরি করছে, ঠিক সেই সময় পুতিনের (Vladimir Putin) এই ভারত সফর আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তার আগমনের সঙ্গে সঙ্গেই সামনে আসে একাধিক উদ্বেগজনক খবর।
সেদিন দুপুরে রাজস্থানের আজমেঢ় জেলা প্রশাসকের দফতরে একটি সন্দেহজনক হুমকি ইমেল আসে। ইমেলে দাবি করা হয়, পুতিন (Vladimir Putin) ভারতীয় ভূমিতে পা রাখলেই আজমেঢ় শরিফ দরগা, জেলার কালেক্টোরেট ভবন এবং তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের চেষ্টা চালানো হবে। এমনকি সেই বার্তায় পুতিনের নামও উল্লেখ করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ ও প্রশাসন তড়িঘড়ি বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। হুমকি কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখতে স্থানীয় ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও নেমে পড়ে।
ঠিক একইদিন আন্তর্জাতিক মঞ্চেও নতুন চাপের মুখে পড়ে রাশিয়া। যুক্তরাজ্য ২০১৮ সালের বহুল আলোচিত ‘নার্ভ এজেন্ট’ হামলা নিয়ে আবারও রাশিয়াকে কাঠগড়ায় তোলে। লন্ডন জানায়, সাবেক রুশ গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার উপর যে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল, তার পিছনে রাশিয়ার GRU মিলিটারি ইন্টেলিজেন্সের হাত রয়েছে। অভিযোগ অনুযায়ী, স্ক্রিপালের বাড়ির দরজার হ্যান্ডেলে বিষাক্ত পদার্থ লাগানো হয়েছিল। পরে একই ধরনের রাসায়নিকযুক্ত ফেলে দেওয়া একটি পারফিউমের সংস্পর্শে এসে ব্রিটিশ নাগরিক ডন স্টারগেস ও তার সঙ্গী অসুস্থ হয়ে পড়েন, এবং ডন শেষ পর্যন্ত প্রাণ হারান। লন্ডনের দাবি, এই পুরো অভিযানের অনুমতি নাকি সরাসরি পুতিনের তরফেই এসেছিল। একদিকে ভারত সফরকে ঘিরে উষ্ণ কূটনৈতিক মুহূর্ত, অন্যদিকে আন্তর্জাতিক জবাবদিহির চাপ সব মিলিয়ে পুতিনের এই সফরকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনার আবহ তৈরি হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
