Varanasi: প্রধানমন্ত্রী মোদির লোকসভা কেন্দ্রে দেহব্যবসা চক্র! স্পা থেকে সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগে আটক বিজেপি নেত্রী

দেশ

নিউজ পোল ব্যুরো: বারাণসীর (Varanasi) এক আবাসনে স্পা সেন্টারের পর্দা ব্যবহার করে গোপনে দেহব্যবসা চালানো হচ্ছিল এমন সন্দেহে সোমবার রাতে পুলিশ সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানেই ফাঁস হয়ে যায় একটি সক্রিয় যৌনচক্রের কর্মকাণ্ড। পুলিশ ওই ফ্ল্যাট থেকে মোট নয় জন মহিলা এবং চার জন যুবককে আটক করে। উদ্ধার হওয়া নথিপত্র ও অন্য সামগ্রী দেখে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, স্পা পরিষেবার নাম করে দীর্ঘদিন ধরেই সেখানে বেআইনি ব্যবসা চলছিল। উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা নিয়মিত এই আবাসনে আনা হত বলেও ধারণা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:High Court: ‘সংবিধান বিরোধী কাজ’! সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের ঘোষণার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ আবেদনকারী

এই ঘটনার সূত্র ধরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বিজেপি নেত্রী শালিনী যাদব। বিরোধীদের অভিযোগ, গোটা র‍্যাকেটের পরোক্ষ যোগ থাকতে পারে তার সঙ্গে। যদিও শালিনী যাদব স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি বিষয়টির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন এবং তার নামে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, যে ফ্ল্যাট থেকে দেহব্যবসার হদিস মিলেছে সেটি তার মালিকানাধীন নয়। ওই ফ্ল্যাটটি নথিভুক্ত রয়েছে অরুণ যাদবের নামে, যিনি শালিনীর স্বামী।

রাজনৈতিক জীবনে শালিনীর পথচলা বেশ বহুমুখী। তিনি প্রথমে কংগ্রেসে যোগ দেন এবং ২০১৭ সালে বারাণসীর (Varanasi) মেয়র নির্বাচনে প্রার্থী ছিলেন। পরে ২০১৯ সালে সমাজবাদী পার্টির হয়ে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পরাজয়ের পর তিনি ২০২৩ সালে বিজেপিতে যোগ দেন। তবে যোগ দেওয়ার পরও দলে কোনো দায়িত্ব বা পদ তাঁকে দেওয়া হয়নি।

অপরদিকে বিরোধী দলগুলির অভিযোগ, বারাণসীর (Varanasi) মতো প্রধানমন্ত্রীর নিজস্ব লোকসভা কেন্দ্রেই এমন একটি চক্র ফাঁস হওয়া বিজেপির জন্য লজ্জাজনক। তারা শালিনীর গ্রেপ্তারের দাবি তুলেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সরব হয়েছে। ঘটনাটি সামনে আসতেই বারাণসীর রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। ঘটনার সত্যতা, দায়িত্ব ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে এখন তদন্তের দিকেই তাকিয়ে সকলেই। পুলিশ ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য সংগ্রহে ব্যস্ত। পুরো বিষয়টি শীঘ্রই পরিষ্কার হবে বলে প্রশাসন জানিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole