নিউজ পোল ব্যুরো: নিত্যপ্রয়োজনীয় বাজারের থলেতে যেন আগুন! প্রতি মাসের শেষে পকেট ঝাঁঝরা হয়ে যাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির। ঠিক এই মুহূর্তে কেন্দ্রের দিক থেকে আসতে চলেছে এক সম্ভাব্য ‘ট্যাক্স-টনিক’! গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (Goods and Servicess tax) বা জিএসটি-র (GST) হার কমানোর ভাবনায় উঠে এসেছে অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী! যেগুলো ছাড়া একদিনও চলে না ঘরের হেঁশেল বা সংসারের চাকা। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তাহলে অনেকটাই কমে যেতে পারে এমন কিছু পণ্যের (Goods) দাম, যা রোজকার জীবনে নিঃশব্দে বাড়িয়ে দেয় খরচের বোঝা। অর্থাৎ, উৎসবের আগেই মধ্যবিত্তের মুখে ফের ফুটতে পারে স্বস্তির হাসি!
সূত্রের খবর, সরকার এমন কিছু অত্যাবশ্যকীয় পণ্যের ওপর জিএসটি (GST) হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার ভাবনাচিন্তা করছে। আবার বিকল্প প্রস্তাবও রয়েছে সম্পূর্ণভাবে ১২ শতাংশ জিএসটি স্ল্যাবটি বাতিল করে, সংশ্লিষ্ট পণ্যগুলিকে হয় ৫ শতাংশ না হয় ১৮ শতাংশ স্ল্যাবে স্থানান্তর করা। তবে লক্ষ্য একটাই, দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের উপর করের বোঝা কমানো। এই সিদ্ধান্ত কার্যকর হলে সবচেয়ে বেশি লাভবান হবেন সেই সমস্ত পরিবার, যাদের মাসিক বাজেট অনেকটাই নির্ভর করে দৈনন্দিন ব্যবহৃত পণ্যের উপর। যেমন—প্রসেসড খাবার, হাইজিন সামগ্রী, ও হালকা ইলেকট্রনিকস, যেগুলিতে সাধারণত ১২ শতাংশ হারে জিএসটি বসে।
জিএসটি (GST) কাউন্সিলের আগামী ৫৬তম বৈঠকেই এই প্রস্তাবগুলি চূড়ান্ত আকার পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই কাউন্সিলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmal Sitharaman) ছাড়াও রয়েছেন সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী, ফলে সিদ্ধান্ত নিতে হবে সর্বসম্মতিক্রমেই। রাজনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনে উৎসবের আমেজ, তার পরপরই ভোটের মরশুম। এমন সময় ‘জনহিত’ পদক্ষেপ হিসেবে জিএসটি ছাড় ভোটে বিজেপিকে সুবিধা দিতে পারে বলেই অনেকে মনে করছেন। বিরোধী রাজ্যগুলিও এই প্রস্তাবের বিরোধিতা করলে জনতার কাছে ভুল বার্তা যাবে, আর সমর্থন করলে তার কৃতিত্ব কেন্দ্রের ঝুলিতেই উঠবে।
নিচে দেওয়া হল সেই সব গুরুত্বপূর্ণ পণ্যের তালিকা, যেগুলি বর্তমানে ১২ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় রয়েছে। কেন্দ্র যদি এই করহার কমিয়ে ৫ শতাংশ করে বা ১২ শতাংশ স্ল্যাব বাতিল করে দেয়, তাহলে এই সমস্ত পণ্যের দাম সরাসরি কমে যেতে পারে। ফলে মধ্যবিত্ত ও সাধারণ জনগণের দৈনন্দিন খরচ অনেকটাই হালকা হতে পারে।
📌 ব্যক্তিগত পরিচর্যা ও স্বাস্থ্যসামগ্রী:
১. টুথপেস্ট (যদিও কিছু নির্দিষ্ট ব্র্যান্ডে ১৮ শতাংশ জিএসটি বসে)
২. টুথ পাউডার
৩. স্যানিটারি ন্যাপকিনে এখন কোনও কর নেই, তবে অন্যান্য ফেমিনিন হাইজিন পণ্যের উপরে এখনও ১২ শতাংশ জিএসটি ধার্য
৪. চুলে ব্যবহৃত তেল
৫. সাবান (কিছু প্রিমিয়াম সাবানে ১৮ শতাংশ পর্যন্ত কর বসে)
📌 গৃহস্থালির সামগ্রী ও রান্নার উপকরণ:
৬. ছাতা
৭. সেলাই মেশিন
৮. নন-ইলেকট্রিক ওয়াটার ফিল্টার ও পিউরিফায়ার
৯. প্রেসার কুকার
১০. অ্যালুমিনিয়াম বা স্টিলের তৈরি রান্নার হাঁড়ি-পাতিল
১১. ইলেকট্রিক আয়রন
১২. ওয়াটার হিটার বা গিজার
১৩. ঘরোয়া ব্যবহারের ভ্যাকুম ক্লিনার
১৪. ছোট আকারের ওয়াশিং মেশিন
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
📌 পরিবহন ও চলাচল:
১৫. বাইসাইকেল
১৬. হুইলচেয়ার বা শারীরিকভাবে অক্ষমদের চলাচলের সহায়ক সরঞ্জাম
১৭. বাস, লঞ্চ বা প্রিপেইড ট্যাক্সির মতো গণপরিবহণ ব্যবস্থা
📌 জুতো ও জামাকাপড়:
১৮. এক হাজার টাকার বেশি দামের রেডিমেড পোশাক
১৯. ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে দামের জুতো
📌 স্বাস্থ্যসেবা ও ওষুধ:
২০. বিভিন্ন ধরনের টিকা (ভ্যাকসিন)
২১. এইচআইভি, হেপাটাইটিস এবং টিবির মতো রোগ নির্ণয়ের কিট
২২. নির্দিষ্ট কিছু আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ
📌 শিক্ষাসংক্রান্ত সামগ্রী:
২৩. ব্যায়ামের বই
২৪. জিওমেট্রি বক্স
২৫. আঁকার ও রঙ করার বই
২৬. ম্যাপ ও গ্লোব
📌 নির্মাণসামগ্রী ও কৃষি-যন্ত্র:
২৭. বিলাসবহুল নয় এমন গ্লেজড টাইলস
২৮. রেডি মিক্স কনক্রিট
২৯. প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং স্ট্রাকচার
৩০. কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি
📌 খাদ্যসামগ্রী ও পরিবেশবান্ধব প্রযুক্তি:
৩১. কনডেন্সড মিল্ক এবং ফ্রোজেন কর্ন বা সবজি জাতীয় প্যাকেটজাত খাবার
৩২. সৌরশক্তি চালিত হিটার (সোলার হিটার)
