নিউজ পোল ব্যুরো: রাজ্যে ভোটের আবহ জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে নবান্ন প্রশাসনিক প্রস্তুতি আরও কষে টানছে। রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত পরিবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট বার্তা দিয়েছেন, ধর্মীয় বিতর্ক নয়, উন্নয়নই হবে সরকারের মুখ্য হাতিয়ার। সম্প্রতি গত ১৫ বছরের কাজের হিসেব সামনে এনে তিনি ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন। আর এবার নির্দেশ দিয়েছেন, সেই উন্নয়ন যাতে প্রত্যেক বাড়িতে পৌঁছে যায়, কোনও পরিবার যাতে বাদ না পড়ে, তার জন্য প্রশাসনকে (WB Govt) দ্রুত পদক্ষেপ নিতে হবে।
নির্বাচনের আগে অসম্পূর্ণ প্রকল্পগুলিকে দ্রুত শেষ করতে নবান্ন দুটি স্বতন্ত্র পোর্টাল চালু করেছে। একটি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের ভিত্তিতে কাজের দরপত্র গ্রহণ করবে এবং অন্যটি থাকবে ‘পথশ্রী’ প্রকল্পের জন্য। বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ভবিষ্যতে পথশ্রী-র সব ধরনের টেন্ডার এই নতুন পোর্টালেই জমা নিতে হবে। সরকার (WB Govt) আশা করছে, এতে কাজের স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুততা বাড়বে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মানুষের মৌলিক চাহিদা পূরণকে প্রথম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। পানীয় জলের সমস্যা সমাধান, গ্রামীণ রাস্তা সংস্কার, পাড়া-অঞ্চলে পর্যাপ্ত আলো, সেতু নির্মাণ ও মেরামতি, বাংলার বাড়ি প্রকল্প এসব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মনে করিয়ে দিয়েছেন, ভোট ঘোষণার আগে যেন কোনও প্রকল্প অসম্পূর্ণ না থাকে। তিনি আরও বলেন, সরকারি কাজের গতি যাতে এসআইআর (SIR) বা অন্যান্য নিয়মে আটকে না যায়, তা নিশ্চিত করতে হবে।জেলাশাসকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে সাধারণ মানুষের সমস্যাগুলি অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
উন্নয়নের কাজ যাতে নিরবচ্ছিন্নভাবে এগোয়, তা পর্যবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৩ জনের একটি উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দলও গঠন করা হয়েছে। এরা রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নজরদারি করবে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক রিপোর্ট জমা দেবে। সব মিলিয়ে, ভোটের আগে রাজ্যের শাসকদল উন্নয়নমূলক কাজকে সামনে রেখে নতুন কৌশলে এগোচ্ছে। নবান্নের লক্ষ্য একটিও বাড়ি যেন পরিষেবার বাইরে না থাকে, এবং মানুষ যেন সরাসরি সরকারের (WB Govt) কাজের সুফল অনুভব করতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
