নিউজ পোল ব্যুরো: পাকিস্তানে (Pakistan) সংস্কৃত ভাষা শেখানোর একটি নতুন ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। লাহোরের একটি নামী বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সংস্কৃত শিক্ষার পাশাপাশি মহাভারত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করানোর পরিকল্পনাও করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সংস্কৃত কেবল ভারতের নয়, পাকিস্তানের (Pakistan) সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি অবিচ্ছেদ্য অংশ। যদিও ভারত ও পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে এবং দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে সীমান্তরেখা নির্ধারিত হয়েছিল, তবুও দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক মিল আজও স্পষ্টভাবে বিদ্যমান।
ভারতের অন্যতম প্রধান ভাষা হিন্দি এবং পাকিস্তানের (Pakistan) রাষ্ট্রভাষা উর্দু এই দুই ভাষার উৎপত্তি একই ঐতিহাসিক ভাষাধারা থেকে। ভাষাতাত্ত্বিকদের মতে, হিন্দি ও উর্দু উভয়েরই শিকড় রয়েছে শৌরসেনী প্রাকৃত ভাষায়, যার উৎস সংস্কৃত। সেই কারণে ব্যাকরণ, বাক্যগঠন ও শব্দভাণ্ডারের ক্ষেত্রে এই ভাষাগুলির মধ্যে বিস্তর সাদৃশ্য লক্ষ্য করা যায়। উর্দুর সঙ্গেও সংস্কৃতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস (লুমস) পাকিস্তানে সংস্কৃত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে তিন মাসের একটি সংস্কৃত কোর্স চালু করা হচ্ছে, যা শুধুমাত্র সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে। এই কোর্সে শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। লুমস-এর গুরমানি সেন্টারের ডিরেক্টর ডঃ আলি উসমান কাসমি জানিয়েছেন, পাকিস্তানের সাংস্কৃতিক ইতিহাসে সংস্কৃত ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এখনও বহু প্রাচীন সংস্কৃত পাণ্ডুলিপি ও তালপাতার পুঁথি সংরক্ষিত আছে, যেগুলি দেশভাগের পর দীর্ঘদিন অবহেলিত ছিল। এবার সেগুলিই গবেষণা ও শিক্ষার কাজে ব্যবহার করা হবে। ডঃ কাসমির মতে, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান আরও দৃঢ় হবে। দক্ষিণ এশিয়ার মানুষ যদি একে অপরের ভাষা ও সাহিত্য সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করে, তাহলে তা গোটা অঞ্চলের জন্যই লাভজনক হবে। ভাষাই হতে পারে পারস্পরিক বোঝাপড়া ও সংযোগের সেতু। এখানেই থেমে থাকতে চাইছে না বিশ্ববিদ্যালয়টি। আগামী দিনে গীতা ও মহাভারতের পাঠ চালু করারও পরিকল্পনা রয়েছে। ডঃ কাসমির আশাবাদ, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যেই পাকিস্তানে এমন মানুষ তৈরি হবেন, যাঁরা গীতা ও মহাভারত সম্পর্কে গভীর জ্ঞান রাখবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
