নিউজ পোল ব্যুরো: ইকো পার্ক সংলগ্ন ঝুপড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ‘বাংলাদেশি কলোনি’ নামে পরিচিত ওই বসতিতে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ভয়ংকর রূপ নিয়েছে। আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রহস্যজনক পরিস্থিতিতে ঘুনি এলাকার এই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ও চাপানউতোর।
আরও পড়ুন: Digha : বড়দিন ও বর্ষবরণে উপচে পড়বে দীঘা, ভিড় সামলাতে কড়া নিরাপত্তা ও আলোর সাজে প্রস্তুত সমুদ্র শহর
ঘুনি এলাকার ওই বসতিতে অন্তত ২০০টিরও বেশি ঝুপড়ি রয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার পর হঠাৎই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে এবং গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঝুপড়িবাসীদের অভিযোগ, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়।
প্রথমে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ছয়টি ইঞ্জিন পাঠানো হয়। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের কাজ চলছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
