নিউজ পোল ব্যুরো: বছর শেষের আনন্দ-উৎসব শুরু হয়ে গিয়েছে সমুদ্র শহর দীঘায় (Digha)। বড়দিন (25 December) আর তার পরেই বর্ষবরণ—এই দু’টি উপলক্ষ ঘিরে প্রতি বছরই ভিড় বাড়ে, তবে প্রশাসনের অনুমান, এ বছর সেই ভিড় আগের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে। শীতের ছুটিতে একটু বাইরে বেরোনো মানেই বাঙালির প্রথম পছন্দ দীঘা (Digha)। এই সম্ভাব্য ভিড় সামাল দিতে আগাম প্রস্তুতিতে নেমেছে প্রশাসন। দীঘা (Digha) উন্নয়ন পর্ষদের দপ্তরে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক, দীঘা উন্নয়ন পর্ষদের কর্তারা এবং বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। বৈঠকে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা এবং সমুদ্রসৈকতের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলাশাসক জানান, ২৫ ডিসেম্বর থেকেই দীঘা (Digha) শহর সাজবে আলোর রোশনাইয়ে। হোটেল মালিকরা নিজেদের প্রতিষ্ঠান আলোকসজ্জায় সাজাবেন, পাশাপাশি দীঘা (Digha) উন্নয়ন পর্ষদের উদ্যোগে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা, ওল্ড দীঘা (Digha) ও নিউ দীঘার (New Digha) বিস্তীর্ণ সমুদ্রসৈকত ঝলমলে আলোয় সাজানো হবে। উৎসবের আবহে শহরের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়বে বলেই আশা। প্রতি বছরই উৎসবের মরশুমে হোটেলের ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানো নিয়ে অভিযোগ ওঠে। অনেক সময় এই সময়টায় কালোবাজারির অভিযোগও সামনে আসে। এ বছর সেই অনৈতিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে প্রশাসন। জেলাশাসক স্পষ্ট জানান, স্বল্পমেয়াদি লাভের আশায় ভাড়া বাড়ালে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে—এই বিষয়টি নজরে রাখা হবে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এ বছরও বিচ সাইড ফেস্টিভ্যাল আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত জেলা পুলিশ আধিকারিক বলেন, পর্যটকদের নিরাপত্তাই প্রধান অগ্রাধিকার। সেই কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং সার্বক্ষণিক নজরদারি চলবে, যাতে কোনো পর্যটক অসুবিধায় না পড়েন। দীঘা-সংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সমুদ্রতটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সংস্থার সভাপতি সুশান্ত পাত্র জানান, বর্ষবরণ উপলক্ষে আতশবাজির অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে, যদিও এখনও পরিবেশ দফতরের চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। এখন দেখার, সব অনুমতি মিললে পর্যটকরা আদৌ সমুদ্রপাড়ে অলিম্পিকের ধাঁচে সেই বিপুল আতশবাজির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন কি না।
