নিউজ পোল ব্যুরো: জেলবন্দি পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ঘিরে ফের চরম অনিশ্চয়তা ও উদ্বেগ ছড়িয়েছে। অতীতে একাধিকবার তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খবর নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সম্প্রতি তাঁর দুই পুত্র কাসিম খান ও সুলেমান খান যে মন্তব্য করেছেন, তাতে নতুন করে জল্পনা আরও তীব্র হয়েছে। তাঁদের বক্তব্যে স্পষ্ট, বাবাকে আবার কখনও দেখতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা নিজেরাই গভীর সংশয়ে রয়েছেন।
কাসিম ও সুলেমান জানিয়েছেন, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তাঁরা ইমরান খানের (Imran Khan) সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি। তাঁদের দাবি, গত দু’বছর ধরে ইমরানকে সম্পূর্ণ একাকী অবস্থায় একটি সেলে আটকে রাখা হয়েছে, যাকে তাঁরা কার্যত ‘ডেথ সেল’ বলেই উল্লেখ করছেন। সেখানে তাঁকে কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয় না এবং মানসিকভাবে ভয়াবহ চাপের মধ্যে রাখা হচ্ছে।
কাসিম খান বলেন, “বর্তমান পরিস্থিতিতে কোনও আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। তবুও আমরা আশা ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু সময় যত যাচ্ছে, পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। আমাদের ভয় হচ্ছে, হয়তো বাবাকে আর কখনওই দেখতে পাব না।” তাঁর এই মন্তব্য ঘিরে পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এর আগেও একাধিকবার ইমরান খান (Imran Khan) আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। সেই সময় তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ও সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। ইসলামাবাদ হাই কোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়। এমনকি শোনা গিয়েছিল, ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে জেল ভাঙার পথেও হাঁটতে পারেন সমর্থকেরা।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরানের বোন উজমা খানকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেয়। সাক্ষাতের পর উজমা খান সাংবাদিকদের জানান, ইমরান শারীরিকভাবে ঠিক থাকলেও মানসিকভাবে অত্যন্ত চাপে রয়েছেন। তিনি বলেন, “দাদাকে দিনের পর দিন একটি ছোট কুঠরির মধ্যে আটকে রাখা হচ্ছে। কারও সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা নিঃসন্দেহে মানসিক নির্যাতন।” উজমার বক্তব্যে কিছুটা আশ্বস্ত হলেও, ইমরান খানের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তাঁর পরিবারের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
