South Africa: বড়দিনের আগে জোহানেসবার্গে রক্তপাত, বারের বাইরে গুলিতে প্রাণ গেল ৯ জনের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: সিডনির (Sydney) বন্ডি বিচে (Bondi Beach) সাম্প্রতিক ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকায় (South Africa) ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ৯ জনের। বড়দিনের আগমুহূর্তে রবিবার ভোরে জোহানেসবার্গের কাছে একটি বারের বাইরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোনার খনি অঞ্চল বেকারসডালে রাত প্রায় ১টার দিকে একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: India warns Bangladesh:‘গুজব বন্ধ করুন, দীপু হত্যার বিচার করুন’—ইউনুস সরকারের উপর চাপ বাড়াল ভারত!

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৯ করা হয়। হামলায় আরও অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বারটির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন অ্যাপ-ক্যাব চালকও ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

এই হামলার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণ আফ্রিকায় (South Africa) চলতি মাসে এটি দ্বিতীয় বড় ধরনের গুলিবর্ষণের ঘটনা। এর আগে প্রিটোরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মাফিয়াচক্র, বেআইনি ব্যবসা ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দেশে সহিংস অপরাধ বাড়ছে।

দক্ষিণ আফ্রিকার (South Africa) অনেক নাগরিক ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স নিয়ে আগ্নেয়াস্ত্র রাখেন। তবে আইন কঠোর হওয়া সত্ত্বেও অবৈধ অস্ত্রের বিস্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সহিংসতার ঝুঁকি কমানো কঠিন হয়ে উঠছে।

এই ঘটনার প্রেক্ষাপটে বারবার উঠে আসছে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচের স্মৃতি। গত রবিবার দুপুরে সেখানে ‘হানুকা’ উৎসব উপলক্ষে প্রায় এক হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ১৬ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন। তদন্তে জানা যায়, হামলাকারীরা পিতা-পুত্র সাজিদ আক্রম (৫০) এবং নাভিদ আক্রম (২৪)। তারা নিজেদের শখের শিকারি পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল এবং একজন গান ক্লাবের সদস্যও ছিলেন। এই দুই ঘটনার পর বিশ্বজুড়ে জননিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole