Donald Trump: ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মারাত্মক অভিযোগ! এপস্টেইন ফাইল থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ট্রাম্পকে (Donald Trump) ঘিরে ফের বিতর্কের ঝড়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত সদ্য প্রকাশিত নথিতে উঠে এল এক বিস্ফোরক অভিযোগ, যেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগের উল্লেখ রয়েছে। মঙ্গলবার প্রকাশ্যে আসা এই নথি ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন ন্যায়বিভাগ।

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশ হাইকমিশনারকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের, কূটনৈতিক স্তরে উত্তেজনা

নথি অনুযায়ী, বহু বছর আগে এক মহিলা দাবি করেছিলেন যে তিনি ট্রাম্প ও এপস্টেইনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। এই অভিযোগ ফেডারেল তদন্তকারী সংস্থার কাছেও জমা পড়েছিল বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নথিতে এক লিমুজিন চালকের বয়ানও রয়েছে। তাঁর দাবি, তিনি একসময় ট্রাম্পকে (Donald Trump)এপস্টেইনের সঙ্গে বসে এক নাবালিকা মেয়ের যৌন নির্যাতন নিয়ে আলোচনা করতে শুনেছিলেন। যদিও এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এফবিআই আদৌ কোনও পূর্ণাঙ্গ তদন্ত করেছিল কি না, তা নথিতে স্পষ্ট করে উল্লেখ করা নেই।

মার্কিন ন্যায়বিভাগ জানিয়েছে, এই ধরনের অভিযোগ নতুন নয়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এফবিআই-এর কাছে অনুরূপ অভিযোগ এসেছিল। তবে সেগুলি যাচাই করে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলেই দাবি প্রশাসনের। ন্যায়বিভাগের স্পষ্ট বক্তব্য, “এই অভিযোগগুলি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। যদি এর ন্যূনতম সত্যতা থাকত, তবে এতদিনে তা রাজনৈতিক বা আইনি অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো।”

উল্লেখযোগ্যভাবে, অভিযোগকারী ওই মহিলার মৃত্যু নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা যাচ্ছে, তিনি মাথায় গুলির আঘাতে মারা গিয়েছেন, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। তবে নথিতে এমন কোনও ইঙ্গিত নেই যে তাঁর মৃত্যুর সঙ্গে অভিযোগের কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে।

এদিকে, জেফ্রি এপস্টেইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বরাবরই অস্বস্তিতে ছিলেন ট্রাম্প (Donald Trump)। তিনি একাধিকবার দাবি করেছেন, এপস্টেইনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিতে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম বারবার উঠে আসায় রাজনৈতিক তরজা আরও বেড়েছে। বিরোধীদের অভিযোগ, ক্লিন্টনের নাম সামনে এনে ট্রাম্প নিজের দিক থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে, নতুন নথি প্রকাশ পেলেও ট্রাম্পের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনার মতো প্রমাণ নেই বলেই সাফ জানিয়েছে মার্কিন ন্যায়বিভাগ। তবে এপস্টেইন কাণ্ড ঘিরে বিতর্ক যে আরও দীর্ঘস্থায়ী হবে, তা বলাই বাহুল্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole