Weather Update : বড়দিনের আগেই জাঁকিয়ে শীত! দক্ষিণবঙ্গে দ্রুত নামছে পারদ, কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের মাঝপথে এসে হঠাৎ করেই বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ার ছবি। এতদিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের গতি কিছুটা থমকে থাকলেও এবার সেই বাধা পুরোপুরি কেটে গিয়েছে। তার ফলেই দক্ষিণবঙ্গ জুড়ে দ্রুত নামতে শুরু করেছে তাপমাত্রা (Weather Update)। আবহাওয়া দফতরের (IMD) ইঙ্গিত, বড়দিনের আগেই শীতের দাপট আরও স্পষ্টভাবে টের পাওয়া যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী দু’থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হতে পারে (Weather Update)। কলকাতায় (Kolkata) বড়দিনের পর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সকালে ও রাতে শীতের আমেজ আরও জোরালো হবে (Weather Update)।

আরও পড়ুন : Desun Hospital : কলকাতায় প্রথমবার লিডলেস পেসমেকার প্রতিস্থাপন, নজির গড়ল জেসিআই স্বীকৃত ডিসান হাসপাতাল

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট তুলনামূলকভাবে অনেক বেশি (Weather Update)। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, খুব শীঘ্রই এই জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বিশেষ করে ২৪ ডিসেম্বরের পর ঠান্ডা আরও বাড়বে বলে জানাচ্ছেন আবহবিদরা।পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে কুয়াশার প্রকোপ কিছুটা কমেছে (Weather Update)। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বেলা গড়ালে আকাশ পরিষ্কার হবে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আগামী অন্তত এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও শীতের দাপট বজায় রয়েছে (North Bengal Weather Update)। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আগামী দু’থেকে তিন দিনে সেখানে তাপমাত্রা আরও কমতে পারে। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই কনকনে ঠান্ডা অনুভূত হবে। দার্জিলিংয়ে পারদ নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশেপাশে রয়েছে, যা বড়দিনের পর আরও কমার সম্ভাবনা রয়েছে। বড়দিনের আগে ও পরে বাংলায় শীতের ইনিংস জাঁকিয়ে বসতেই চলেছে (Weather Update)।