নিউজ পোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় ফের চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা। অভিযোগ উঠেছে, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নতুন প্রক্রিয়া SIR নিয়ে আতঙ্কেই আত্মহত্যা করেছেন এক যুবক। যদিও ঘটনাটি কেন্দ্র করে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতর।
মৃত যুবকের নাম সুমন মজুমদার (৩২)। পেশায় টোটো চালক। গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোদলা ট্যাঙ্ক রোড সংলগ্ন নিত্যানন্দপল্লির বাসিন্দা ছিলেন তিনি। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা হিসেবে নথিভুক্ত করেছে । সুমনের মা দীপা মজুমদারের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের জন্য BLO মঙ্গলবার তাদের বাড়িতে এসে একটি ফর্ম দিয়ে যান অর্থাৎ SIR ফর্ম। সেই ফর্মের পর থেকেই ছেলে ভীষণ অস্থির হয়ে পড়েন বলে তার দাবি। দীপা বলেন, “ফর্ম পাওয়ার পর থেকেই ও চিন্তায় কাঁটা হয়ে ছিল। প্রয়োজনীয় নথি (Document issue) দেখাতে পারবে না, এই ভয়েই মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ঘরে দরজা বন্ধ করে দেয় এবং…”—এই পর্যন্তই কেঁদে থেমে যান তিনি।
আরও পড়ুন: Ranveer Singh : রণবীরের মাথায় হাত! লালকেল্লার বিস্ফোরণে স্থগিত ট্রেলার লঞ্চ
এই ঘটনার পরেই এলাকায় রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নতুন (SIR) প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। এলাকায় কাউন্সিলর পঙ্কজ দাস জানান, “আর্থিক সমস্যা ছিল বটেই, কিন্তু (SIR) ফর্ম হাতে পাওয়ার পরে আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।”
অন্যদিকে, বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি—ঘটনার সঙ্গে (SIR)–এর কোনও যোগ নেই। বিজেপির ব্যারাকপুর জেলা সহ-সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, “ওই যুবক ব্যক্তিগত আর্থিক চাপে ছিলেন। ধারদেনার জ্বালায় কয়েক দিন আগেই নিজের টোটো বিক্রি করেছিলেন দেনা মেটানোর জন্য। এই মৃত্যু নিয়ে রাজনৈতিক রং লাগানো উচিত নয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
গত কয়েক দিনে রাজ্যে মোট ১৮ জনের মৃত্যুর ঘটনায় তৃণমূল (SIR) আতঙ্ককেই দায়ী করেছে। যদিও পুলিশ এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয়। তদন্ত চলছে—জানা গেছে, পরিবারের বক্তব্য, আর্থিক পরিস্থিতি এবং নথি সংগ্রহের দুশ্চিন্তা মিলিয়েই মানসিক চাপ বেড়েছিল সুমনের (Political blame game)। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভোটার তালিকা সংশোধনের নতুন নিয়ম (SIR) নিয়ে আতঙ্ক বাড়ছে বলে অভিযোগ। প্রশাসন জানিয়েছে, সুমনের প্রকৃত মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
