নিউজ পোল ব্যুরো: বলিউডে এমন কিছু নাম আছে, যাঁদের বয়স কেবল কাগজে-কলমে বাড়ে, জনপ্রিয়তায় নয়। সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছেন সলমন খান (Salman Khan)। ২৭ ডিসেম্বর ষাটে পা দিলেও তাঁর উপস্থিতি, প্রভাব এবং অনুরাগীদের উন্মাদনায় বয়সের কোনো ছাপ নেই। তিন দশকের বেশি সময় ধরে পর্দা দাপিয়ে বেড়ানো এই তারকা আজও বক্স অফিসে ভরসার নাম, আর সেই সাফল্যের প্রতিফলন স্পষ্ট তাঁর বিপুল সম্পত্তিতে।
আরও পড়ুন:
মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শুধু একটি বাড়ি নয়, বরং ভক্তদের কাছে এক আবেগ। এখান থেকেই জন্মদিনে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন সলমন খান (Salman Khan)। নিরাপত্তার কারণে এখন এই বাড়ির জানালায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। প্রায় ১০০ কোটি টাকার এই আবাসনেই থাকেন তিনি ও তাঁর পরিবার। অন্যদিকে, পনবেলে অবস্থিত ‘অর্পিতা ফার্মস’ তাঁর জীবনের আর এক শান্ত ঠিকানা, যেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান অভিনেতা। প্রায় ১৫০ একর জমিতে বিস্তৃত এই ফার্মহাউসের মূল্য আনুমানিক ৮০ কোটি টাকা। সমুদ্রঘেঁষা মুম্বই শহরে আরও একাধিক বিলাসবহুল বাড়ির মালিক তিনি। কার্টার রোড ও ওরলির আবাসন ছাড়াও রয়েছে একটি দৃষ্টিনন্দন বাংলো, যেখানে আধুনিক জিম, থিয়েটার ও সুইমিং পুলের মতো সুবিধা রয়েছে।
ভারতের বাইরেও তাঁর সম্পত্তির পরিধি বিস্তৃত। দুবাইয়ে অবস্থিত বিলাসবহুল বাড়িটিও তাঁর সম্পদের তালিকায় উল্লেখযোগ্য সংযোজন। এমনকি সমুদ্রবিলাসের শখ মেটাতে রয়েছে ব্যক্তিগত ইয়টও। অভিনয় থেকে প্রতি ছবিতে শত কোটির কাছাকাছি পারিশ্রমিক, জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনা এবং একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট মিলিয়ে তাঁর বার্ষিক আয় আকাশছোঁয়া। তবে সলমন খান (Salman Khan) কেবল ভোগের প্রতীক নন, মানবিকতারও। ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবায় তাঁর অবদান আজও প্রশংসিত। ষাটে পৌঁছেও তাঁর জীবনযাপন প্রমাণ করে দেয়, সাফল্য কেবল বয়সের হিসাব মানে না। বলিউডে সলমন খান (Salman Khan) তাই আজও এক অদম্য অধ্যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
