নিউজ পোল ব্যুরো: মুম্বইয়ের এক কনসার্ট থেকে ছড়িয়ে পড়া একটি মুহূর্ত ঘিরে গত কয়েক দিন ধরে উত্তাল নেটদুনিয়া। পাঞ্জাবি গায়ক এপি ঢিলন (AP Dillon)-এর শো-তে অভিনেত্রী তারা সুতারিয়ার উপস্থিতি এবং মঞ্চে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে শুরু হয় নানা জল্পনা। সেই জল্পনার কেন্দ্রে উঠে আসে তারা ও তাঁর প্রেমিক বীর পাহাড়িয়ার সম্পর্ক। অবশেষে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দু’জনেই।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। মুম্বইয়ে আয়োজিত কনসার্টে এপি ঢিলন (AP Dillon)-এর সঙ্গে তাঁর জনপ্রিয় গান ‘থোড়ি সি দারু’ পরিবেশন করতে মঞ্চে ওঠেন তারা। সেই সময় গানের অংশ হিসেবেই গায়কের পক্ষ থেকে তারার গালে চুম্বনের দৃশ্য দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ক্লিপ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিয়োতে অনেকেই দাবি করেন, দর্শকাসনে থাকা বীর পাহাড়িয়াকে অস্বস্তিতে দেখা যাচ্ছে। শুরু হয় সম্পর্ক ভাঙনের গুঞ্জন। এই জল্পনার জবাব দিতে দেরি করেননি তারা।সমাজমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী স্পষ্ট জানান, ভাইরাল হওয়া ভিডিয়োটি ‘চতুর সম্পাদনা’র ফল। তাঁর কথায়, দুটি আলাদা সময়ের ক্লিপ জুড়ে এমনভাবে সাজানো হয়েছে, যাতে ভিন্ন অর্থ তৈরি হয়। তিনি লেখেন, ভুল তথ্য আর উদ্দেশ্যপ্রণোদিত প্রচার দিয়ে তাঁদের সম্পর্কে ফাটল ধরানো যাবে না। সত্য এবং ভালবাসাই শেষ পর্যন্ত টিকে থাকবে।শুধু তারা নন, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বীরও। একটি মন্তব্যে তিনি জানান, যে অংশটি দেখে অনেকেই ভুল ধারণা করছেন, সেটি আসলে অন্য একটি গানের সময়ের প্রতিক্রিয়া।
‘থোড়ি সি দারু’-র পরিবেশনার সময়ের সঙ্গে তার কোনও যোগ নেই বলেই স্পষ্ট করেন তিনি।পরবর্তীতে গোটা ঘটনার প্রেক্ষাপট পরিষ্কার করতে তারা নিজেই ওই দিনের একটি পূর্ণাঙ্গ ভিডিয়ো শেয়ার করেন। সেখানে দেখা যায়, মঞ্চে উপস্থিতি ছিল নিছক পারফরম্যান্সের অংশ, তার বাইরে কোনও ব্যক্তিগত মুহূর্ত নয়। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেই বীরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। উল্লেখযোগ্য ভাবে, এপি ঢিলন (AP Dillon)-এর সঙ্গে তারার পেশাদার সম্পর্ক আগেও আলোচনায় এসেছে। এই ঘটনা ফের প্রমাণ করল, সোশ্যাল মিডিয়ার কাটা-ছাঁটা দৃশ্য কীভাবে বাস্তবের রং বদলে দিতে পারে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আপাতত নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তারা ও বীর, আর নেটিজেনদের উদ্দেশে রইল একটাই বার্তা—ভাইরাল নয়, সত্যটাই দেখুন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
