Fuchka Health Risks: ঝাল-টক ফুচকাই ডেকে আনছে ভয়ংকর রোগ? চিকিৎসকের সতর্কবার্তা

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ফুচকা, গোলগাপ্পা কিংবা পানিপুরি—নাম আলাদা হলেও স্বাদে একেবারে এক। ঝাল, টক, মুচমুচে এই জনপ্রিয় স্ট্রিট ফুড (Street Food) সারা দেশেই ছোট-বড় সকলের প্রিয়। তবে মুখে জল আনা এই খাবারটি যে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে, সে বিষয়ে সম্প্রতি সতর্ক করেছেন এমস (AIIMS) প্রশিক্ষিত গুরুগ্রাম নিবাসী স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়াঙ্কা শেরাওয়াত। তাঁর মতে, ফুচকা খাওয়ার আগে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন, বিশেষত শিশুদের ক্ষেত্রে।

আরও পড়ুন:Viral Food: ভাইরাল জ্বরে দুর্বল শিশু? জেনে নিন কোন খাবারে ফিরবে শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা

চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, ফুচকা তৈরিতে ব্যবহৃত জল (Contaminated Water) অনেক সময়ই বিশুদ্ধ হয় না। রাস্তার ধারে ব্যবহৃত এই জলেই থাকতে পারে নানা ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস (Bacteria and Virus)। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর হল হেপাটাইটিস এ ভাইরাস (Hepatitis A Virus)। এই ভাইরাস মূলত দূষিত জল ও খাবারের মাধ্যমেই শরীরে প্রবেশ করে এবং লিভারে সংক্রমণ ঘটায়। এর ফলে জন্ডিস (Jaundice), পেটের সমস্যা, দুর্বলতা এমনকি গুরুতর ক্ষেত্রে লিভার ফেলিওরের ঝুঁকিও দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায়, তাদের ক্ষেত্রে এই সংক্রমণের আশঙ্কা আরও বেশি। নিয়মিত বাইরে ফুচকা বা অন্যান্য খোলা খাবার খেলে শিশুদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক।

তাই ফুচকা খাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি। প্রথমত, রাস্তার ধারের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। দ্বিতীয়ত, যদি ফুচকা খেতেই হয়, তবে বাড়িতে পরিষ্কার ও ফুটানো জল ব্যবহার করে তৈরি করাই সবচেয়ে নিরাপদ। পরিষ্কার পরিবেশে তৈরি খাবারই শরীরের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশুদের বাইরে খাওয়ার বিষয়ে সচেতন করাও অত্যন্ত জরুরি।স্বাদে যতই লোভনীয় হোক না কেন, স্বাস্থ্যের সঙ্গে আপস করা কখনওই বুদ্ধিমানের কাজ নয়। তাই ফুচকা উপভোগ করুন ঠিকই, তবে সচেতনতা ও স্বাস্থ্যবিধিকে সবার আগে গুরুত্ব দিন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole