Switzerland: বর্ষবরণ উৎসবে শ্মশানের নীরবতা! সুইজারল্যান্ডের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৪০

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বর্ষবরণের আনন্দ মুহূর্তের মধ্যেই ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হল সুইজারল্যান্ডে (Switzerland)। নববর্ষ উদযাপনের মাঝেই দেশটির জনপ্রিয় পর্যটন শহর ক্র্যান্স-মন্টানায় ঘটে গেল এক মর্মান্তিক বিস্ফোরণ। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের (Switzerland) এই আলপাইন স্কি রিসর্ট টাউনের বিখ্যাত পানশালা ‘লে কনস্টেলেশন’-এ চলছিল জমকালো নববর্ষের (New Year 2026) পার্টি। ঠিক সেই সময়েই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, যাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Price Hike: ২০২৬-এর শুরুতেই মূল্যবৃদ্ধির ঝাঁজ! বাণিজ্যিক এলপিজির দাম বেড়ে কত হল কলকাতায়?

বৃহস্পতিবার সুইস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত প্রায় দেড়টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। তখন পানশালাটির ভিতরে এবং আশপাশে অন্তত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। নববর্ষের উৎসব উপলক্ষে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিস্ফোরণের শব্দে মুহূর্তের মধ্যে উৎসবের পরিবেশ আতঙ্কে বদলে যায়। আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা পানশালাটি।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ড (Switzerland) পুলিশের আধিকারিক গেটান ল্যাথিয়ন জানান, এখনও বিস্ফোরণের সঠিক কারণ স্পষ্ট নয়। তিনি বলেন, “অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে। এর জেরে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।” নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র আরও জানান, ছুটির মরসুমে ক্র্যান্স-মন্টানায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। স্কি রিসর্ট ও বিনোদন কেন্দ্র হিসেবে এই এলাকা অত্যন্ত জনপ্রিয় হওয়ায় নববর্ষের রাতে লে কনস্টেলেশন পানশালায় অস্বাভাবিক ভিড় জমেছিল। সেই কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পানশালাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন। তদন্ত শুরু হলেও এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। গোটা সুইজারল্যান্ড জুড়ে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole