নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সংগঠনকে আরও মজবুত ও সক্রিয় করতে বঙ্গ সফরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলের অন্দরের খবর অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফরের পরপরই নতুন বছরের শুরুতে রাজ্যে পা রাখছেন নাড্ডা (J P Nadda)। আগামী ৮ জানুয়ারি কলকাতায় (Kolkata) একটি স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। সেই উপলক্ষেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) তাঁকে দলীয় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন: Switzerland: বর্ষবরণ উৎসবে শ্মশানের নীরবতা! সুইজারল্যান্ডের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৪০
সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ওই দিন কলকাতায় দলের শীর্ষ নেতৃত্ব, বিধায়ক, সাংগঠনিক পদাধিকারী ও কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন জে পি নাড্ডা (J P Nadda)। বৈঠকে ছাব্বিশের নির্বাচনী রণকৌশল, সংগঠনের শক্তি-দুর্বলতা এবং তৃণমূল (TMC) স্তরে দলের উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যদিও নাড্ডার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই বৈঠক নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বর্তমানে জগৎপ্রকাশ নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতির পদও সামলাচ্ছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা, খুব শীঘ্রই এই দায়িত্বে রদবদল হতে পারে। কার্যকরী সভাপতি হিসেবে ইতিমধ্যেই বিহারের নেতা নীতীন নবীন দায়িত্ব নিয়েছেন এবং ভবিষ্যতে তাঁকেই সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও প্রকাশ্যে কিছু বলেনি।
রাজ্যে নির্বাচন এলেই দিল্লি থেকে কেন্দ্রীয় নেতাদের ঘনঘন সফর নতুন কিছু নয়। প্রচার, বৈঠক ও কর্মসূচির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের যাতায়াত নিয়ে তৃণমূল কংগ্রেস প্রায়ই ‘ডেলি প্যাসেঞ্জারি’ বলে কটাক্ষ করে থাকে। তবে বিজেপি স্পষ্ট করে দিয়েছে, ছাব্বিশের নির্বাচন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য রাজ্য সফরে এসে অমিত শাহ ঘোষণা করেছিলেন, “ছাব্বিশে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় সরকার গঠন করবে বিজেপি।”
সেই লক্ষ্যকে সামনে রেখেই নতুন বছরের শুরুতেই জে পি নাড্ডার সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের অন্দরের খবর, ২০২১ সালের তুলনায় আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর টার্গেট নিয়ে তৃণমূল স্তরের সংগঠনকে চাঙ্গা করতে নেতা-কর্মীদের উদ্দেশে ‘ভোকাল টনিক’ দিতে পারেন নাড্ডা। বিজেপির কাছে এই সফর শুধু আনুষ্ঠানিক নয়, বরং ছাব্বিশের লড়াইয়ের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
