Mustafizur Rahman : মুস্তাফিজুরের জন্য ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: মুস্তাফিজুর বিতর্কের জের। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে খেলতে আসতে চায় না বাংলাদেশ। সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড (BCB)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসির (ICC) কাছে ইমেইলের মাধ্যমে এ নিয়ে একটি বার্তা পাঠাবে বিসিবি। সেই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগে থেকেই পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। রবিবার দুপুরে ক্রিকেট বোর্ডের ১৭জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এই বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেবে বিসিবি। ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। এর আগে মুস্তাফিজুর রহমানকে ধর্মীয় ও রাজনৈতিক চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কজন উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেটার ও দেশের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না- এমন স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আরও পড়ুন : Newzealand Series : নিউজিল্যান্ড সফরেও সুযোগ পেলেন না মহম্মদ শামি

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।” নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে আসিফ নজরুল অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (KKR) মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখার জন্য তিনি ক্রিকেট বোর্ডকে বলেছেন। ”বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা” লিখেছেন আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান।

বিসিসিআইয়ের এই নির্দেশের ফলে নিয়মগতভাবে কেকেআরকে মুস্তাফিজকে ছাড়তে হয়। অথচ গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেন, “যদি আমাকে ছাড়ে, তাহলে আমি কী করবো?” এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিয়েছিল, অথচ রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এক বিবৃতিতে তাবিথ আউয়াল ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা উচিত। তার মতে, ক্রীড়া কখনোই বিভাজনের মাধ্যম হতে পারে না।

তিনি আরও বলেন, খেলাধুলার রয়েছে মানুষকে কাছাকাছি আনার এবং বিভেদ ঘোচানোর অসাধারণ ক্ষমতা। পারস্পরিক বোঝাপড়া ও সম্মান গড়ে তুলতেই ক্রীড়াকে ব্যবহার করা উচিত, বিভাজন তৈরির জন্য নয়।মুস্তাফিজুর রহমানের প্রতি সংহতি জানিয়ে তাবিথ আউয়াল বলেন, “শক্ত থাকুন মুস্তাফিজ। পুরো দেশ আপনার পাশে রয়েছে।” এ ঘটনায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও ক্ষোভ প্রকাশ করে একে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন। তার কথায়, এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ঘৃণার রাজনীতি দেখছে। ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার কথা বলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে ভারতে বাংলাদেশি ক্রীড়া দলগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন ফারুকী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মোস্তাফিজুর ইস্যুতে বিসিবিও সতর্ক অবস্থান নিয়েছে। বিশ্বকাপ চলাকালে কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজন হলে বিষয়টি আইসিসির সঙ্গে আলোচনা করা হবে। মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ভেন্যু নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির হাতেই থাকবে। বিসিবি এই ইস্যুতে আইসিসি ও আইপিএল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে।