Damien Martyn : কোমা থেকে ফিরলেন মার্টিন, অলৌকিক ঘটনা বলে মনে করছে পরিবার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতাকে হার মানিয়ে, নিকষ অন্ধকার কোমা থেকে জীবনের আলোয় ফিরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন (Damien Martyn)। যে মানুষটির বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন খোদ বিশেষজ্ঞ চিকিৎসকরাও, সেই মার্টিন অলৌকিক ভাবে ফিরে এলেন। ৫৪ বছর বয়সী মার্টিন গত ২৬ ডিসেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তাঁর শরীরে মেনিনজাইটিস ধরা পড়ে। অসুস্থ হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় চলমান অ্যাশেজ সিরিজ নিয়ে সক্রিয় ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসকরা তাকে ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিম কোমায় রেখেছিলেন।

আরও পড়ুন : Mustafizur Rahman : মুস্তাফিজুরের জন্য ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ

তার ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) নিশ্চিত করেছেন যে, মার্টিন এখন কথা বলতে পারছেন এবং চিকিৎসার সাড়া দিচ্ছেন। পরিবারের সদস্যরা এই সুস্থ হয়ে ওঠাকে একটি ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। গিলক্রিস্ট বলেন, ‘গত দুইদিনে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। সে এখন কথা বলতে পারছে। কোমা থেকে ফেরার পর তার উন্নতির গতি দেখে পরিবারের সদস্যরা একে অলৌকিক মনে করছেন। পরিস্থিতি এতটাই ইতিবাচক যে, চিকিৎসকরা তাকে দ্রুতই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের আশা করছেন।’ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং শীঘ্রই তাঁকে আইসিইউ (ICU) থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মার্টিনের স্ত্রী আমান্ডা ক্রিকেট ভক্তদের অসংখ্য প্রার্থনা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটের সোনালী যুগের এই তারকার ফিরে আসার খবরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ও ২০৮টি ওয়ানডে খেলায় মার্টিন ছিলেন ২০০৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক। ভারতের বিপক্ষে সেই ফাইনালে তার অপরাজিত ৮৮ রানের ইনিংসটি এখনো ভক্তদের মনে গেঁথে আছে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ভারত সফরের সিরিজ জয়ের নেপথ্যেও বড় ভূমিকা ছিল তার। ১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক এই তারকা ২০০৬-০৭ অ্যাশেজ চলাকালীন আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছিলেন। মাঠের সেই লড়াকু মার্টিন এবার জীবনের পিচেও হার না মানা এক লড়াই লড়ে ফিরে এলেন।