India Venezuela crisis:ভেনেজ়ুয়েলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বিদেশ মন্ত্রকের!

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো:শনিবার রাতের ঘটনার পর রবিবারই ভেনেজ়ুয়েলার পরিস্থিতি নিয়ে প্রথম বার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজ়ুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি (India Venezuela crisis) নিয়ে ভারত ‘গভীর ভাবে উদ্বিগ্ন’। একই সঙ্গে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/04/bhangar-tmc-clash-showkat-arabul-hakimul-car-attack/

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানই একমাত্র পথ। বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, “ভেনেজ়ুয়েলার জনগণের সুরক্ষা এবং কল্যাণের স্বার্থে ভারতের সমর্থন অটুট। সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপের মাধ্যমে সমস্যা মেটানোর আহ্বান জানাচ্ছে ভারত। পাশাপাশি গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।”

এর আগেই শনিবার রাতে ভেনেজ়ুয়েলায় (India Venezuela crisis) বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সমাজমাধ্যমে দেওয়া সেই বার্তায় একান্ত প্রয়োজন ছাড়া ভেনেজ়ুয়েলায় যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়। সে দেশের ভারতীয় নাগরিকদের চলাফেরা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয় এবং যে কোনও জরুরি পরিস্থিতিতে কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়। দূতাবাসের নির্দিষ্ট ই-মেল আইডি ও ফোন নম্বরও প্রকাশ করা হয়। ভারতীয় দূতাবাসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, প্রয়োজন অনুযায়ী সব ধরনের সাহায্য করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই সতর্কতা ও উদ্বেগের মূল কারণ ভেনেজ়ুয়েলার সাম্প্রতিক নাটকীয় রাজনৈতিক ঘটনা। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন বাহিনী। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, শোয়ার ঘর থেকে মাদুরো দম্পতিকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে হেলিকপ্টারে তাঁদের নিয়ে যাওয়া হয় একটি মার্কিন যুদ্ধজাহাজে, সেখান থেকে সরাসরি নিউ ইয়র্কে। রবিবার সকালে (ভারতীয় সময়) ব্রুকলিনের একটি ডিটেনশন ক্যাম্পে তাঁদের বন্দি রাখা হয়েছে বলে জানানো হয়। এই অভিযানের ফুটেজও প্রকাশ করেছে হোয়াইট হাউস।

বন্দি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মাত্র পাঁচটি শব্দ বলেন নিকোলাস মাদুরো— “গুড নাইট। হ্যাপি নিউ ইয়ার।” ইতিমধ্যেই মার্কিন এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে চিন, রাশিয়া, ইরান এবং কিউবার মতো দেশগুলি। আন্তর্জাতিক মহলে দ্রুত বাড়তে থাকা এই উত্তেজনার প্রেক্ষিতেই ভেনেজ়ুয়েলার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে ভারত।