নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আপাতত কিছুটা স্বস্তি মিলেছে শীতের দাপট থেকে। কয়েকদিন ধরে যে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছিল, তা এখন অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Forecast) অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। সোমবার পর্যন্ত এই উষ্ণতার ধারা বজায় থাকবে বলেই জানানো হয়েছে। ফলে সকালের কনকনে ঠান্ডা কিছুটা কম হলেও, রাতের দিকে শীতের আমেজ এখনও টের পাওয়া যাচ্ছে (Weather Update)।
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। আবহাওয়া দফতর (IMD Forecast) জানিয়েছে, মঙ্গলবার থেকেই ফের বদলাতে শুরু করবে আবহাওয়ার চরিত্র। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলে দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে। আগামী দু’দিনে গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শুরুতেই তাই ফের শীতের কামড় অনুভূত হবে দক্ষিণবঙ্গবাসীর (Weather Update)। এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে (South Bengal Weather Update)। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather Update)শীতের দাপট ক্রমশ বাড়ছে (Cold Wave Alert)। আজ থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি পতনের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার কড়া সতর্কতা জারি হয়েছে। দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, রাজ্যে ফের এক দফা শীতের প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট (Winter Update)।
