Mamata Banerjee on Union Budget:‘চোরের মায়ের গলা! বাংলার জন্য কিছু নেই, বাজেট হাম্পটি-ডাম্পটি’ — কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকেই জাতীয় রাজনীতিতে চড়ছে উত্তাপ। রবিবার ত্রয়োদশ মোদী মন্ত্রিসভার বাজেট লোকসভায় উপস্থাপনের পরই কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Union Budget)। দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগ তোলেন, এই বাজেটে বাংলাকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/01/pm-modi-union-budget-2026-reaction-vikshit-bharat-2047/#like-53843

মুখ্যমন্ত্রীর কথায়, “চোরের মায়ের গলা। বাংলাকে কিছুই দেয়নি। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুড়ি। এ বাজেট হাম্পটি-ডাম্পটি বাজেট।” তাঁর দাবি, এই বাজেট জনবিরোধী এবং এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কোনও বাস্তব রূপরেখা নেই। শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা বা মহিলা কল্যাণ—কোনও ক্ষেত্রেই কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ফ্রেট করিডর প্রসঙ্গেও কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Union Budget)। তিনি জানান, ডানকুনি ফ্রেট করিডরের প্রস্তাব নতুন নয়। ২০০৯ সালে তাঁর রেল বাজেটেই এই প্রকল্পের উল্লেখ ছিল, কিন্তু দীর্ঘ ১৫ বছরেও কেন্দ্র কাজ এগোয়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ছ’টি অর্থনৈতিক করিডর তৈরির উদ্যোগ নিয়েছে।

জিএসটি নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, জিএসটির নামে বাংলার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, অথচ প্রাপ্য অর্থ ফেরত মিলছে না। কেন্দ্র শুধু আশ্বাস দিচ্ছে, বাস্তবে কোনও সহযোগিতা করছে না বলেও দাবি তাঁর। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি ও কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে এজেন্সি ব্যবহার করে রাজনৈতিক চাপে রাখার চেষ্টা চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

চলতি বছর বিধানসভা ভোটের প্রেক্ষিতে বাংলার জন্য বিশেষ বরাদ্দের প্রত্যাশা ছিল বলেও উল্লেখ করেন মমতা। অতীতে বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, ভোটের আগে অন্য রাজ্যকে বড় বরাদ্দ দেওয়া হলেও বাংলাকে এবার উপেক্ষা করা হয়েছে, কারণ কেন্দ্র জানে এখানে তারা জয়ী হতে পারবে না।

মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যে স্পষ্ট, ভোটের বছরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হতে চলেছে। বাজেট ঘিরে তাঁর এই কড়া অবস্থান রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।