নিউজ পোল ব্যুরো: প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে শিল্পকলার ধারণাও আজ নতুন রূপ নিচ্ছে। বিশেষ করে ডিজিটাল দুনিয়ায় ভিজ্যুয়াল উপস্থাপনার ধরন আমূল বদলে গিয়েছে। চলচ্চিত্র, বিজ্ঞাপন বা অনলাইন কনটেন্ট— সব ক্ষেত্রেই স্থির ছবির জায়গা দখল করছে গতিশীল ভিজ্যুয়াল। পোস্টারের বদলে এখন জনপ্রিয় মোশন পোস্টার, যেখানে ছবি, লেখা ও শব্দ একসঙ্গে গল্প বলে। এই সৃজনশীল কাজের নেপথ্যে থাকেন মোশন গ্রাফিক্স আর্টিস্ট। রং, আকার, টাইপোগ্রাফি ও প্রতীকী ভাষার মাধ্যমে তারা ছবিকে প্রাণবন্ত করে তোলেন।
মোশন গ্রাফিক্স কোথায় ব্যবহৃত হয়
বর্তমানে সংবাদ সম্প্রচার (News Broadcasting), বিজ্ঞাপন (Advertising), চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়াল, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, মোবাইল অ্যাপ অ্যানিমেশন, গেমিং এবং এডটেক ভিডিয়ো-তে মোশন গ্রাফিক্সের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ব্র্যান্ড প্রচার থেকে শুরু করে জটিল তথ্য সহজ ভাবে বোঝানোর ক্ষেত্রে এই মাধ্যম অত্যন্ত কার্যকর।
আরও পড়ুন:Alipore Zoo: মনখারাপ না অসুখ? আলিপুর চিড়িয়াখানায় ১২ দিন ধরে জলে বন্দি জলহস্তী
কারা ও কী ভাবে শিখতে পারবেন
দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর যাঁরা এই ক্ষেত্রে আসতে চান, তাঁরা ভিস্যুয়াল ডিজ়াইন বা কমিউনিকেশন ডিজ়াইন নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে পারেন। পাশাপাশি অ্যানিমেশন অ্যান্ড মোশন গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, ডিজিটাল মিডিয়া বা অ্যাপ্লায়েড আর্টসের কোর্সও রয়েছে। অনেক শিক্ষার্থী ডিপ্লোমা কোর্স করে দ্রুত কাজের জগতে প্রবেশ করেন। অনলাইন ও হাইব্রিড কোর্সের সুবিধাও বর্তমানে সহজলভ্য।
কী কী দক্ষতা অর্জন প্রয়োজন
এই কোর্সগুলিতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স তৈরি, টাইপোগ্রাফি, লেআউট ডিজ়াইন, কালার থিয়োরি , স্টোরিবোর্ডিং, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং সাউন্ড সিঙ্ক (Sound Sync)-এর মতো বিষয়ের উপর জোর দেওয়া হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পোর্টফোলিও ও কাজের সুযোগ: একজন সফল মোশন গ্রাফিক্স আর্টিস্ট হতে গেলে শক্তিশালী পোর্টফোলিও (Portfolio) অত্যন্ত জরুরি। লোগো অ্যানিমেশন, এক্সপ্লেইনার ভিডিয়ো, রিল ও ব্র্যান্ড প্রজেক্টের মাধ্যমে নিজের সৃজনশীলতা তুলে ধরতে হয়। বিজ্ঞাপনী সংস্থা, চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ও আইটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং ও স্থায়ী চাকরির সুযোগ রয়েছে। আন্তর্জাতিক স্তরেও এই পেশার চাহিদা অনেক।
বেতন: শুরুর দিকে বার্ষিক প্রায় ৩–৬ লক্ষ টাকা আয় করা সম্ভব। অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে সঙ্গে এই আয় ১৮–৩০ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে।
