নিউজ পোল ব্যুরো: সিডনির এসসিজি মাঠে চলছে চলতি অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট (Australia vs England Test Series, Fifth Test০। ১-৩ ব্যবধানে পিছিয়ে থেকে এই টেস্টে নেমেছিল ইংল্যান্ড। অজি বোলারদের ধাক্কায় শুরুটা সে ভাবে না হলেও জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির (Joe Root) সুবাদে ইংল্যান্ড দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ পর্যন্ত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে।
এদিন সেঞ্চুরি হাঁকিয়ে রুট (Joe Root) অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে এক আসনে বসে পড়েছেন। এখন প্রাক্তন ইংলিশ অধিনায়কের সামনে শুধুমাত্র ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর ও প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিস।
দ্বিতীয় দিন ইংল্যান্ড শুরু করে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে। ক্রিজে ছিলেন জো রুট (Joe Root)এবং হ্যারি ব্রুক। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম সাফল্য আসে যখন মিচেল স্টার্ক ৪৮তম ওভারে ব্রুককে আউট করেন, যার ফলে ১৬৯ রানের জুটি ভেঙে যায়। ব্রুক গুরুত্বপূর্ণ ৮৪ রান করে বিদায় নেন। এরপর স্টার্ক অধিনায়ক বেন স্টোকসকে শূন্য রানে আউট করে ইংল্যান্ডকে ধাক্কা দেন। টেস্ট ক্রিকেটে এটি ছিল স্টার্কের ১৪তম স্টোকস শিকার।
স্টোকস আউট হওয়ার পর জো রুট জুটি বাঁধেন উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথের সঙ্গে। ৬০তম ওভারের প্রথম বলেই রুট তাঁর ৪১তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। এটি ছিল চলতি অ্যাশেজ সিরিজে তাঁর দ্বিতীয় শতক। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে টেস্ট শতকের সংখ্যার দিক থেকে রুট ছুঁয়ে ফেললেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংকে। পন্টিংয়ের টেস্ট শতকের সংখ্যাও ৪১। রুটের সামনে এখন কেবলমাত্র প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৪৫) ও ভারতের কিংবদন্তি শচীন তেন্ডুলকর। পাশাপাশি ২০২১ সালের পর এটি রুটের ২৪তম টেস্ট সেঞ্চুরি, যা যেকোনও ব্যাটারের সর্বোচ্চ।
রুট এদিন আউট হয়েছেন ১৬০ রান করে। টেস্টে ১৫০-এর বেশি রান করার ক্ষেত্রে শচীন এগিয়ে আছেন। তিনি মোট ২০ বার টেস্ট ক্রিকেটে ১৫০-এর বেশি রান করার রেকর্ড তৈরি করেছেন। একই সময়ে, জো রুট ১৭ বার এই কৃতিত্ব অর্জন করেছেন।
টেস্টে ১৫০-এর বেশি রান করার রেকর্ড
২০ – শচীন তেন্ডুলকর
১৯ – ব্রায়ান লারা
১৯ – কুমার সাঙ্গাকারা
১৮ – ডন ব্র্যাডম্যান
১৭ – জো রুট
১৬ – মাহেলা জয়াবর্ধনে
১৫ – রিকি পন্টিং
এদিকে, জো রুট তেন্ডুলকরের সর্বাধিক টেস্ট রানের (১৫,৯২১) বিশ্ব রেকর্ডের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছেন। সিডনি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর রুট তাঁর এবং তেন্ডুলকারের মধ্যে টেস্ট রানের ক্ষেত্রে ব্যবধান ২০০০-এরও কম করেছেন। তিনি বর্তমানে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক সফল ব্যাটার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
