নিউজ পোল ব্যুরো: ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে সস্ত্রীক শোয়ার ঘর থেকে অপহরণের পর যেন হিংস্র উল্লাস বেড়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। অন্য এক দেশের রাষ্ট্রপ্রধানকে অপহরণের মতো জঘন্যতম ঘটনা ঘটানোর পর ট্রাম্পের মুখে আরও জোরালো হয়েছে হুঙ্কারের ধ্বনি। ভেনেজুয়েলার উপর কর্তৃত্ব কায়েমের লক্ষ্য যেমন সেদেশে থাকা বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডারের দখল নেওয়া, তেমনই আমেরিকার নজর রয়েছে ভারতের বাজারেও। গত প্রায় এক বছর ধরে ট্রাম্প বলে আসছেন, রাশিয়া থেকে ভারতের তেল কেনা মেনে নেবে না আমেরিকা। তাই ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্পের মূল লক্ষ্য ভারতের দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বাজারের দখল নেওয়া। লালবাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী তখন তিনি গুরুত্ব দিয়েছিলেন ভারতের দুধ ও দুগ্ধজাত দ্রব্যের উৎপাদনে। এখন ভারতের দুধ ও দুগ্ধজাত দ্রব্যের বাজার বিশেষ নজর কেড়েছে বিশ্বের। আমেরিকার নজর তাই সেই বাজারে। দেশের বাজারকে বিদেশী শক্তির হাতে ছেড়ে দিতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তাই চলছে টালবাহানা। পহেলগাঁওয়ের গণহত্যার পর ভারত-পাকিস্তান যুদ্ধকলীন পরিস্থিতিতে ও তার পরবর্তী সময়ে ট্রাম্পের ভূমিকা কার্যত ছিল ভারত বিরোধী। ভেনেজুয়েলায় মার্কিন আধিপত্যবাদের নির্লজ্জ উদাহরণের পর প্রশ্ন উঠছে, আগ্রাসী ট্রাম্পের কুনজরে কি ভারতও?
আরও পড়ুন: কমনওয়েলথ গেমস বিতর্ককে সঙ্গে নিয়েই না ফেরার দেশে সুরেশ কালমাদি
পাকিস্তান-বাংলাদেশে এখন যেমন রয়েছে মার্কিন মনপসন্দ সরকার, ভারতেও যে সেরকমই চান ট্রাম্প, তা স্পষ্ট। কিন্তু বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে সেই মার্কিন আধিপত্য কায়েম করা যে এতটা সহজ হবে না, সেটাও স্পষ্ট। মোদী সরকারকে তাই পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশকে দিয়ে উত্তক্ত করতে চাইছে মার্কিন প্রশাসন। পাকিস্তানের জঙ্গিপ্রীতির প্রতি মার্কিন মদত আজ কারও অজানা নয়। গত বছর বাংলাদেশ থেকে যেভাবে উৎখাত করা হয়েছে শেখ হাসিনাকে, তার পিছনেও মার্কিন মদত ছিল স্পষ্ট। পশ্চিমে পাকিস্তান বরাবরই ছিল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির হাতে। এখন পূবের বাংলাদেশও চলে গিয়েছে মৌলবাদীদের দখলে। এই পরিস্থিতিতে সীমান্তে বিপদকে সঙ্গী করে চলছে ভারত। তবু ট্রাম্পের হুঙ্কারে মাথা নত করেনি ভারত সরকার। ভারতের বাজার দখল করতে ভারতে ভেনেজুয়েলার মতো কাণ্ড ঘটানোর সাহস কি হবে মার্কিন প্রশাসনের? বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এখন যে গতিতে চলছে, মার্কিন-বিরোধী পক্ষের সঙ্গেও ভারত যেভাবে সখ্যতা বজায় রেখেছে, তা বাধ সেধেছে ট্রাম্পের সাধে। আপাতত কৌশলেই ট্রাম্পে বাজিমাত করছে ভারত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
